নেইমার নিয়ে আনচেলত্তিকে যা বললেন ব্রাজিল প্রেসিডেন্ট

নেইমারকে বিশ্বকাপ দলে রাখা নিয়ে ব্রাজিল প্রেসিডেন্টের পরামর্শ চেয়েছিলেন আনচেলত্তি। ছবি: সংগৃহীত
বিশ্বকাপ জিততে ‘এক্স ফ্যাক্টর’ দরকার। ব্রাজিলের সেই এক্স ফ্যাক্টর হতে পারেন নেইমার। অথচ পুরো ফিট না হওয়ায় তার বিশ্বকাপ খেলাটা অনিশ্চিত।
ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তিরও দারুণ পছন্দ নেইমারকে। তবে আনফিট নেইমারকে বিশ্বকাপের দলে রাখতে চান না তিনি। এ নিয়ে আলোচনার ঝড়ই চলছে ব্রাজিল জুড়ে। নেইমার দলে থাকবেন কিনা, সেটা এখন আলোচনার ব্যাপার ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভারও।
নেইমারের বিশ্বকাপ দলে থাকা না থাকা নিয়ে আলোচনা হয়েছে ব্রাজিল প্রেসিডেন্ট ও কোচের। এ নিয়ে খোদ ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট জানিয়েছেন,‘আমার আনচেলত্তির সাথে কথা বলার সুযোগ হয়েছিল। তিনি আমাকে জিজ্ঞেস করেছিলেন,আপনার কী মনে হয় নেইমারকে দলে ডাকা উচিত?’
এর জবাবে লুলা দা সিলভা বলেছিলেন,‘আমি বলেছিলাম, দেখুন আনচেলত্তি, সে যদি শারীরিকভাবে ফিট থাকে, তার মধ্যে ফুটবল খেলার ক্ষমতা আছে। আমার যেটা জানা দরকার তা হলো, সে আসলেই এটা চায় কি না।’
জাতীয় দলে ফিরতে হলে লিওনেল মেসি আর ক্রিস্তিয়ানো রোনালদো অনুপ্রেরণা হতে পারে নেইমারের, সে কথাও জানিয়েছেন ব্রাজিলিয়ান প্রেসিডেন্ট,‘যদি সে চায়, তাহলে তাকে পেশাদার হতে হবে। সে ক্রিস্তিয়ানো রোনালদো বা মেসির মতো খেলোয়াড়দের দেখেও জাতীয় দলে যেতে পারে, কারণ তার বয়স এখনও খুব বেশি নয়। কিন্তু সে শুধু নামের জোরে দলে থাকার আশা করতে পারে না। তাকে মাঠে খেলেই তা অর্জন করতে হবে।’
ও’গ্লোবো জানিয়েছে গত ২৭ জানুয়ারি আনচেলত্তির সঙ্গে দেখা হয়েছিল ব্রাজিলিয়ান প্রেসিডেন্টের। সেখানেই নেইমারকে নিয়ে কথা হয় তার। মজা করে সেই অনুষ্ঠানে, ব্রাজিলের ক্লাব করিন্থিয়িান্সের কোচ হওয়ার প্রস্তাব আনচেলত্তিকে দিয়েছিলেন লুলা দা সিলভা। কারণ এটা তার প্রিয় ক্লাব। জবাবে শুধু হেসেছিলেন আনচেলত্তি।



