মেসিদের লিগে যোগদান নিয়ে মুখ খুললেন নেইমার

সেই বার্সেলোনা থেকে শুরু হয়েছিল দুজনের যাত্রা।
বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে যে, ব্রাজিলিয়ান তারকা নেইমারের পরবর্তী গন্তব্য নাকি যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকার (এমএলএস)! ওই লিগেই খেলেন নেইমারের প্রিয়বন্ধু লিওনেল মেসি। দুই দেশের দুই মহাতারকাকে একই লিগে দেখার জন্য দর্শকরাও বেশ আগ্রহী হয়ে উঠেছিলেন। অবশেষে বিষয়টি নিয়ে মুখ খুললেন নেইমার।
এমএলএসের ক্লাব এফসি সিনসিনাটি এই গ্রীষ্মেই নেইমারকে দলে নিতে আগ্রহী বলে গুঞ্জন রয়েছে। সেখানে গেলে ইন্টার মায়ামির লিওনেল মেসির মুখোমুখি হওয়ার বা আবারও একই লিগে খেলার সম্ভাবনা তৈরি হবে। বার্সেলোনা এবং পিএসজিতে দীর্ঘদিন মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলেছেন নেইমার। তবে সিনসিনাটির প্রস্তাব নিয়ে সান্তোস কর্তৃপক্ষ এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি।
এদিকে নেইমারও এমএলএসে যাওয়া নিয়ে কোনো স্পষ্ট আভাস দেননি। আপাতত তিনি শৈশবের ক্লাব সান্তোসে খেলা চালিয়ে যেতে চান। ক্লাবের সঙ্গে নিজের চুক্তির মেয়াদ পূর্ণ করাই তার লক্ষ্য। বৃহস্পতিবার ইএসপিএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নেইমার বলেন, ‘সত্যি বলতে, আমি এখনো জানি না (ভবিষ্যতে কী হবে)। আপাতত আমার সব মনোযোগ সান্তোসের দিকে।’
২০২৫ সালে নিজের শৈশবের ক্লাব সান্তোসে ফিরেছিলেন নেইমার। এই ক্লাবের হয়েই ২০০৯ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিশ্ব ফুটবলের নজর কেড়েছিলেন। বর্তমান চুক্তি অনুযায়ী, ২০২৬ সালের শেষ পর্যন্ত তার সান্তোসে থাকা রকথা আছে। নেইমার সাফ জানিয়ে দিয়েছেন, মাঝপথে ক্লাব ছাড়ার কোনো পরিকল্পনা তার নেই।
৩৪ বছর বয়সী এই ফরোয়ার্ড বর্তমানে সান্তোসের অধিনায়কত্ব করছেন। তবে ইনজুরি যেন পিছুই ছাড়ছে না। হাঁটুতে চোটের কারণে ২০২৬ মৌসুমে এখন পর্যন্ত মাত্র ৮টি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। যদিও সীমিত সুযোগে নিজের চেনা ছন্দ হারিয়ে ফেলেননি; করেছেন ৪টি গোল এবং ৩টি অ্যাসিস্ট। নেইমারের সবচেয়ে বড় টার্গেট এখন শতভাগ ফিট হয়ে বিশ্বকাপ দলে জায়গা করে নেওয়া।



