হাজার গোল থেকে আর ৩২ ধাপ দূরে রোনালদো

ক্যারিয়ারের ৯৬৮তম গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ছবি: সংগৃহীত
বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে হাজার গোলের আরও কাছে চলে গেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার দলও আল নাসরও সৌদি প্রো লিগে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে। শনিবার রাতে আল আখদুদকে ২-০ গোলে হারিয়ে লিগ টেবিলের শীর্ষস্থান আরও মজবুত করেছে তারা। এই জয়ের মধ্য দিয়ে লিগে টানা ১৪ ম্যাচ জেতার নতুন ক্লাব রেকর্ড গড়ল রিয়াদের ক্লাবটি।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। ১৫তম মিনিটেই দলকে এগিয়ে নেন ৪১ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনালদো। ডি-বক্সের ভেতর থেকে দারুণ এক নিচু শটে বল জালে জড়ান এই পর্তুগিজ মহাতারকা। চলতি মৌসুমে লিগে এটি তার ২৪তম এবং ক্যারিয়ারের ৯৬৮তম গোল। হাজার গোল থেকে তিনি এখন মাত্র ৩২ ধাপ দূরে। ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় দুই দল।
দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান দ্বিগুণ করে আল নাসর। ৪৭তম মিনিটে রোনালদোর জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্স গোল করে দলের জয় নিশ্চিত করেন। একটি শট পোস্টে লেগে ফিরে এলে ফিরতি বলে দারুণ দক্ষতায় লক্ষ্যভেদ করেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। এই জয়ের ফলে দ্বিতীয় স্থানে থাকা আল হিলালের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেল আল নাসর। লিগে বাকি আছে আর মাত্র ছয়টি ম্যাচ।
২০১৯ সালের পর আর লিগ শিরোপা জেতা হয়নি আল নাসরের। ২০২২ সালের ডিসেম্বরে রোনালদো ক্লাবে যোগ দেওয়ার পর এটিই হতে পারে তাদের প্রথম বড় কোনো শিরোপা। আগামী বুধবার আল ইত্তিফাকের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামবে তারা। শিরোপা পুনরুদ্ধারের মিশনে এই ফর্ম ধরে রাখাই এখন রোনালদো-ফেলিক্সদের মূল লক্ষ্য।



