চোট কাটিয়ে স্বরূপে রোনালদো; আর মাত্র ৩৩ গোলের অপেক্ষা

চোট কাটিয়ে মাঠে ফিরেই জোড়া গোল করে বসলেন রোনালদো।
আল নাজমা গোলকিপারকে ফাঁকি দিয়ে বল জালে জড়াতেই লাফিয়ে উঠলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার সেই লাফেই যেন প্রমাণ হয়ে গেল চোট কাটিয়ে কতটা ফিট হয়ে উঠেছেন পর্তুগিজ মহাতারকা। ৪১ বছরের এই ‘তরুণ’ উদযাপনেই জানান দিলেন, এখনই থামছেন না। পরে আরও একটি গোল করে ৫-২ ব্যবধানে জেতালেন আল নাসরকে।
মাঠের বাইরে ছিলেন এক মাস। হ্যামস্ট্রিং চোটের চিকিৎসা নিতে গিয়েছিলেন স্পেনে। অনুপস্থিত ছিলেন পর্তুগাল জাতীয় দলের প্রীতি ম্যাচেও। অবশেষে ইনজুরিকে হারিয়ে মাঠে ফিরেই সৌদি প্রো লিগে জোড়া গোল করলেন সিআর সেভেন। হাজার গোলের পথে এগিয়ে গেলেন আরও দুই ধাপ। এই মুহূর্তে তার মোট গোলসংখ্যা ৯৬৭টি। আর ৩৩টি গোল করলেই বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে অনন্য মাইলফলক ছুঁয়ে ফেলবেন।
শুক্রবার রাতে ঘরের মাঠে আল নাজমার বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসর। লিগের ২৭ ম্যাচে মাত্র একটি জয় পাওয়া আল নাজমা ম্যাচের প্রথমার্ধে লিড নিয়ে চমকে দিয়েছিল সবাইকে। তবে বিরতিতে যাওয়ার আগেই আব্দুল্লাহ আল হামদান এবং লিভারপুলের সাবেক তারকা সাদিও মানের গোলে ২-১ ব্যবধানে এগিয়ে যায় টানা ১৩ ম্যাচে জয় পাওয়া আল নাসর।
দ্বিতীয়ার্ধের শুরুতে আল নাজমা সমতায় ফিরলে ম্যাচ জমে ওঠে। ঠিক তখনই মঞ্চে আবির্ভাব রোনালদোর। ৫৬ মিনিটে নিখুঁত এক পেনাল্টি শটে দলকে ফের এগিয়ে দেন। এরপর ৭৩ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন পর্তুগিজ মহাতারকা। ম্যাচের শেষ দিকে সাদিও মানে নিজের দ্বিতীয় গোলটি করলে ৫-২ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিকরা।
গত ফেব্রুয়ারিতে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়ার পর অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন রোনালদোর ফেরা নিয়ে। কিন্তু সব শঙ্কা উড়িয়ে দিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতার দৌড়েও নিজেকে আরও সংহত করলেন এই কিংবদন্তি। চলতি মৌসুমে ২৩ ম্যাচে তার গোলসংখ্যা হলো ২৩টি। আর কিছুদিন পরেই শুরু হবে ফিফা বিশ্বকাপ। তার আগে রোনালদোর এই আগুনে ফর্ম পর্তুগালকে নিশ্চয়ই নির্ভার রাখবে।



