আগামীর সময়

বাদ পড়লেও বিশ্বকাপের দুয়ার খোলা নেইমারের

বাদ পড়লেও বিশ্বকাপের দুয়ার খোলা নেইমারের

প্রীতি ম্যাচের দলে নেই নেইমার। ছবি: সংগৃহীত

ফ্রান্স ও ক্রোয়েশিয়ার বিপক্ষে দুই প্রীতি ম্যাচের প্রাথমিক স্কোয়াডে ছিলেন নেইমার। পুরোপুরি ফিট না হওয়ায় চূড়ান্ত দলে তাকে বাদ দিলেন ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি।

বিশ্বকাপের আগে এই দুটি ম্যাচই ছিল নেইমারের ফেরার সবচেয়ে বড় সুযোগ। তবে প্রীতি ম্যাচের দলে বাদ পড়লেও আনচেলত্তি জানিয়েছেন ফিট হয়ে উঠলে এখনো বিশ্বকাপের জন্য দুয়ার খোলা নেইমারের।

সোমবার দল ঘোষণার পর আনচেলত্তি জানালেন, ‘শতভাগ ফিট থাকলে বিশ্বকাপে খেলতে পারে নেইমার। এখন এই তালিকায় কেন নেই? কারণ সে পুরোপুরি ফিট নয়। এখন আমার দরকার পুরোপুরি ফিট খেলোয়াড়। নেইমারকে নিয়মিত খেলতে হবে আর কঠোর পরিশ্রম করতে হবে।’

২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ ব্রাজিলের জার্সিতে খেলেছেন নেইমার। আর দলে না থাকলেও ব্রাজিলের হয়ে গলা ফাটানোর কথা আগেই জানিয়ে রেখেছেন এই তারকা।

লিও পেরেইরা, গ্যাব্রিয়েল সারা, রায়ান ভিতর, ইগর থিয়াগো প্রথমবারের মতো ব্রাজিল দলে জায়গা পেয়েছেন। যাঁদের মধ্যে রায়ান ভিতর ও ইগর থিয়াগো আছেন আক্রমণভাগে। নেইমারবিহীন আক্রমণভাগে আরও আছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, এনদ্রিক ও গ্যাব্রিয়েল মার্তিনেল্লিরা।

ব্রাজিল দল
গোলরক্ষক: আলিসন, বেন্তো, এদেরসন।
ডিফেন্ডার: অ্যালেক্স সান্দ্রো, ব্রেমার, দানিলো, দগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালাইস, ইবানিয়েজ, লিও পেরেইরা, মারকিনিওস, ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, কাসেমিরো, দানিলো বারবোসা, ফাবিনিও, গ্যাব্রিয়েল সারা।
ফরোয়ার্ড: এনদ্রিক, গ্যাব্রিয়েল মার্তিনেল্লি, ইগর থিয়াগো, জোয়াও পেদ্রো, লুইজ হেনরিক, মাতেউস কুনিয়া, রাফিনিয়া, রায়ান ভিতর, ভিনিসিয়ুস জুনিয়র।

    শেয়ার করুন: