স্কুলব্যাগ হাতে প্রতিবাদ ইরানি ফুটবলারদের

হৃদয়স্পর্শী প্রতিবাদ ইরানি ফুটবলারদের। ছবি: সংগৃহীত
ইরানের দক্ষিণাঞ্চলে মিনাব শহরের 'শাজারে তাইয়েবা' বালিকা বিদ্যালয়ে চালানো ক্ষেপণাস্ত্র হামলায় মারা গিয়েছিলেন ১৬৫ জন, যাদের বেশিরভাগই শিশু। গত ২৮ ফেব্রুয়ারির এই হামলাটি যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চালানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই হামলার দায় স্বী যুক্তরাষ্ট্র বা ইসরায়েল স্বীকার না করলেও বিভিন্ন মানবাধিকার সংস্থার তীব্র সমালোচনার মুখে পড়েছে তারা।
তুরস্কের দক্ষিণাঞ্চলের আনতালিয়ায় নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে এ নিয়ে হৃদয়স্পর্শী প্রতিবাদ করলেন ইরানি ফুটবলাররা। মাঠে নামার সময় খেলোয়াড়দের হাতে ছিল ছোট স্কুলব্যাগ।
জাতীয় সংগীতের সময় গোলাপি ও বেগুনি রঙের সেই ব্যাগগুলো ধরে রেখে নিহত শিশুদের প্রতি শ্রদ্ধা জানান তারা। খেলোয়াড়দের হাতে ছিল কালো আর্মব্যান্ডও। নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচটিতে লড়াই করেও ২-১ ব্যবধানে হেরেছে ইরান।
ইরান দলের এক মুখপাত্র জানান, ১৬৫ জন নিহত ছাত্রীর স্মরণে এবং মার্কিন বাহিনীর নৃশংস হামলার বিরুদ্ধে এটি ছিল বিশ্ববাসীর কাছে তাদের প্রতিবাদ। ইরান ফুটবল ফেডারেশন নিরাপত্তা শঙ্কায় তাদের বিশ্বকাপের ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছে। যদিও ফিফা ইতিবাচক সাড়া দেয়নি তাতে।

