আগামীর সময়

৬৮ মিটার দূর থেকে গুলেরের ঐতিহাসিক গোল

৬৮ মিটার দূর থেকে গুলেরের ঐতিহাসিক গোল

নিজেদের অর্ধ থেকে গোল করেছেন গুলের। ছবি: সংগৃহীত

ম্যাচের তখন ৮৯ মিনিট। সান্তিয়াগো বার্নাব্যুর মাঠে এলচে গোলরক্ষক এগিয়ে এসেছিলেন অনেকখানি। তাকে এগিয়ে আসতে দেখে নিজেদের অর্ধ বা ৬৮ মিটার দূরে থেকে বুলেট শট নেন আর্দা গুলের। সবার চোখ বিস্ময়ে ছানাবড়া করে বল জড়ায় জালে।


রিয়াল মাদ্রিদ লা লিগার ম্যাচটি জিতেছে ৪-১ গোলের বড় ব্যবধানে। তাতে বার্সার চেয়ে পয়েন্টের ব্যবধান কমে এসেছে ১-এ। ২৮ ম‍্যাচে ২১ জয় ও তিন ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে দুই নম্বরে রয়েছে রিয়াল। এক ম্যাচ কম খেলা বার্সেলোনা ৬৭ পয়েন্ট নিয়ে শীর্ষে।


রিয়ালের বড় জয় ছাপিয়ে আলোচনায় গুলেরের গোল। লা লিগায় এটাই সবচেয়ে বেশি দূর থেকে নেওয়া গোলের যৌথ রেকর্ড। মিস্টারচিপ এক্স-এ লিখেছে,‘আর্দা গুলের গোল করেছেন ৬৮ মিটার দূর থেকে। লা লিগায় এটা যৌথ সর্বোচ্চ দূর থেকে করা শটের গোল। ২০০৪ সালে সেভিয়ার বিপক্ষে নুমেনসিয়ার আন্তোনিও হোসেও গোল করেছিলেন প্রায় একই দূরত্ব থেকে।’


গুলেরের গোলের পর হতবাক হয়ে যায় গ্যালারি। ম্যাচ শেষে কোচ আলভারো আরবেলোয়া বললেন,‘ আমাদের এর জন্য একটা ফ্রেম তৈরি করতে হবে। এটা অসাধারণ, অবিশ্বাস্য। আমি সবাইকে অবাক হয়ে হাঁপাতে দেখেছি, আমি নিজেও। সে কী করেছে তা দেখার জন্য এক, দুই, অথবা তিনটি টিকিটের দামও দেওয়া যায়।"


এলচের সঙ্গে লিগে প্রথম দেখায় ২-২ গোলে ড্র করেছিল রিয়াল। শনিবার রাতের ৪-১ গোলের জয়টা তাই স্বস্তির। দলের সেরা তারকাদের ছাড়া তারুণ্যের শক্তিতে পাওয়া জয় নিয়ে আরবেলোয়া বললেন,‘ আজকের রাতের মতো একটা রাতের পর আমি খুশিতে মরতে পারি। যারা যুব ব্যবস্থার মধ্য দিয়ে উঠে এসেছে এবং এত বছর সেখানে কাটিয়ে প্রথম দলে পৌঁছেছে। আমি ইয়ানেজ আর আগুয়াদোর সঙ্গে কথা বলছিলাম, ওরা ১৩-১৪ বছর বয়সে আমার প্রথম কোচিং করা খেলোয়াড় ছিল, তাদের বার্নাব্যুতে খেলার সুযোগ দিতে পারাটা আমার জন্য স্বপ্নের মতো।’


৩৯তম মিনিটে রিয়ালকে এগিয়ে নেন আন্তোনিও রুডিগার। ভালভের্দের গতিময় শট এলচে গোলরক্ষক ফিস্ট করার পর হেড করেন আদ্রিয়া পেদরোসা। বল সরাসরি রুডিগারের পায়ে গেলে সুযোগটা কাজে লাগান তিনি। তার গতিময় ভলি জড়ায় জালে।
পাঁচ মিনিট পর ব‍্যবধান দ্বিগুণ করেন ভালভের্দে। ডি বক্সের ঠিক বাইরে বল পেয়ে তীব্র গতির শটে লক্ষ্যভেদ করেন ম্যানচেস্টার সিটির বিপক্ষে হ‍্যাটট্রিক করা ভালভের্দে।


চ্যাম্পিয়নস লিগের ফিরতি লেগের জন্য ৫৯তম মিনিটে এক সঙ্গে ভালভের্দে, ভিনিসিয়ুস ও চুয়ামেনিকে তুলে নেন রিয়াল কোচ।

৬৬তম মিনিটে দানিয়েল ইয়ানেসের ফ্রি কিকে হাউসেনের হেডে রিয়াল এগিয়ে যায় ৩-০ গোলে। ৮৫তম মিনিটে মানুয়েল আনহেলের আত্মঘাতী গোলে ব্যবধান কমায় এলচে। এরপর ৮৯তম মিনিটে নিজেদের অর্ধ থেকে নেওয়া শটে সেই অসাধারণ গোল গুলেরের।




    শেয়ার করুন: