আগামীর সময়

মেসি নয় কাফুর সেরা নেইমার

মেসি নয় কাফুর সেরা নেইমার

মেসির চেয়ে নেইমারকে এগিয়ে রাখছেন কাফু। ছবি: সংগৃহীত

লিওনেল মেসি সর্বকালের সেরা ফুটবলার কিনা, এই নিয়ে ঝড় উঠে চায়ের কাপে। অথচ মেসির চেয়ে নেইমারকে এগিয়ে রাখলেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু।

‘পদপাহ’কে দেওয়া সাক্ষাৎকারে বুধবার কাফু বলেছেন,‘আমার চোখে, মেসির চেয়ে সেরা নেইমার।’ পেলের রেকর্ড ছাড়িয়ে ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলের কীর্তি নেইমারের। যোগ্য সতীর্থ থাকলে তিনি আরও বেশি সফল হতেন বলেও মনে করেন কাফু,‘ গত ১৫ বছরে নেইমার তার মানের কাউকেই পায়নি যার সঙ্গে দায়িত্ব ভাগ করে নিতে পারে। ফিট থাকলে বিশ্বের যে কোনো জাতীয় দলে খেলতে পারে ও। সেরা ছন্দে থাকলে বিতর্কের অবকাশ নেই নেইমারকে ঘিরে।’

পুরো ফিট না হওয়ায় নেইমারকে দলে ফেরাননি কোচ কার্লো আনচেলত্তি। এ নিয়ে অবশ্য আনচেলত্তির পাশেই দাঁড়িয়েছেন কাফু,‘ তার (নেইমার) খেলা দরকার, অনুশীলন দরকার। আনচেলত্তি সৎ মানুষ, তিনি পরিষ্কারভাবে কথা বলেন।’

সর্বশেষ ২০২৩ সালের অক্টোবরে উরুগুয়ের বিপক্ষে ম্যাচে হাঁটুর চোট পাওয়ার পর থেকে জাতীয় দলে খেলা হয়নি নেইমারের। তবে তাকে বিশ্বকাপে চান সতীর্থ রাফিনিয়া।

টিএনটি চ্যানেলে রাফিনিয়া বলেছেন,‘আমি আশা করি, নেইমারকে বিশ্বকাপে দেখতে পাব। সে অসাধারণ খেলোয়াড়। মাঠে তার দক্ষতা বা সে কী করতে পারে, তা নিয়ে কারও কোনো সন্দেহ নেই। সে একটি ম্যাচের ভাগ্য, এমনকি একটি বিশ্বকাপেরও ভাগ্য নির্ধারণ করে দিতে পারে।’

    শেয়ার করুন: