আগামীর সময়

যুদ্ধের মাঝে রিয়াদ ছেড়ে কি মাদ্রিদে রোনালদো?

যুদ্ধের মাঝে রিয়াদ ছেড়ে কি মাদ্রিদে রোনালদো?

মধ্যপ্রাচ্য জুড়ে তীব্র হচ্ছে ইরানের মিসাইল আক্রমণ। বাদ যায়নি সৌদি আরবের রাজধানী রিয়াদও। মঙ্গলবার রিয়াদের মার্কিন দূতাবাসে আছড়ে পড়েছে ইরানি ড্রোন। দাউদাউ করে জ্বলতে থাকা দূতাবাস ভবনের ছবি ভাইরাল রীতিমতো।


এই রিয়াদেই বান্ধবী ও সন্তানদের নিয়ে থাকেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্তিয়ানো রোনালদো। আল নাসরে খেলা রোনালদো এই যুদ্ধের মাঝেও কী রিয়াদে আছেন? ডেইলি মেইল ও দ্য মিরর অনলাইন সংস্করণে জানিয়েছে, সোমবার রাতে রিয়াদ ছেড়ে ব্যক্তিগত বিমানে মাদ্রিদ পাড়ি জমিয়েছেন রোনালদো।


আবার মাদ্রিদের বদলে তাঁর পর্তুগালে যাওয়ার কথাও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। তবে স্প্যানিশ সংবাদ মাধ্যম এএস জানিয়েছে মাদ্রিদে আসেননি রোনালদো। সংবাদমাধ্যমটির দাবি এখনও রিয়াদে আছেন তিনি।


ডেইলি মেইল ও দ্য মিরর বিমান ট্র্যাকারে তথ্য দিয়ে জানিয়েছে, ৪১ বছর বয়সি ফুটবলারের ব্যক্তিগত বিমান বোম্বাডিয়ার গ্লোবাল এক্সপ্রেস মাদ্রিদের দিকে উড়াল দেয় সোমবার মধ্যরাতে। রিয়াদ থেকে স্পেনের রাজধানীতে উড়ে যেতে সময় লেগেছে ৭ ঘণ্টা। মিসরের উপর দিয়ে তাঁর বিমান উড়ে গেছে বলেও জানায় ডেইলি মেইল ও দ্য মিরর।


২০২৪ সালে গালফস্ট্রিম জি২০০ বিমানটি বিক্রি করে ৬১ মিলিয়ন ইউরোর নতুন বিমানটি কিনেছিলেন রোনালদো। কালো রঙের বিমানটিতে ১৫ জনের জায়গা রয়েছে। টেবিল-সোফা-সহ একটি বড় বসার জায়গা ছাড়াও আছে আলাদা স্যুট ও গোসলের জায়গা।

    শেয়ার করুন: