শীতকালীন অলিম্পিক গেমসের বিরুদ্ধে মিলানে বিক্ষোভ

সংগৃহীত ছবি
ইতালির মিলানে শীতকালীন অলিম্পিক গেমসের বিরুদ্ধে শনিবার হাজারো মানুষ বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় অল্পসংখ্যক বিক্ষোভকারী আতশবাজি ফাটান এবং দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জামসহ পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান।
উত্তর ইতালির শহরটিতে অলিম্পিক উদ্বোধনী অনুষ্ঠানের পরদিন অনুষ্ঠিত এই মিছিলটি শুরুতে শান্তিপূর্ণ থাকলেও একপর্যায়ে বিক্ষোভকারীরা পুলিশের দিকে ফ্লেয়ার ছোড়েন ও পাথর নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ জলকামান ব্যবহার করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়।
গত সপ্তাহে তুরিনে অনুষ্ঠিত এক বিক্ষোভে সহিংসতায় শতাধিক পুলিশ সদস্য আহত হওয়ার ঘটনার পর মিলানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছিল।
বিক্ষোভকারীরা বিভিন্ন দাবি তুলে ধরে ব্যানার প্রদর্শন করেন। এর মধ্যে কৃত্রিম তুষার ব্যবহারের বিরোধিতা, গাছ কাটা, এবং দেশের আর্থিক ও ফ্যাশন রাজধানী মিলানে আবাসন সংকটের মতো বিষয়গুলো ছিল।
২৯ বছর বয়সী বিক্ষোভকারী ফ্রানচেস্কা মিসানা বলেন, ‘পরিবেশগত ও সামাজিক—দুই দিক থেকেই এই গেমস আর টেকসই নয়। এর সময় শেষ হয়ে গেছে।’
শীতকালীন অলিম্পিকের সমালোচকেরা অভিযোগ করছেন, অবকাঠামো নির্মাণের কারণে পাহাড়ি এলাকার নাজুক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি বিপুল শক্তি ও পানিনির্ভর কৃত্রিম তুষারের ব্যবহার নিয়েও তারা উদ্বেগ প্রকাশ করছেন।
অন্যদিকে, অনেকে বলছেন—বিশেষ কর সুবিধার কারণে ধনী নতুন বাসিন্দাদের আগমনে জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় মিলান সাধারণ মানুষের জন্য বসবাসের অনুপযোগী হয়ে উঠছে।
বিক্ষোভের অন্যতম সংগঠক আলবের্তো দি মন্তে বলেন, ‘এই গেমসকে টেকসই ও ব্যয়-নিরপেক্ষ হিসেবে প্রচার করা হয়েছিল।’ তবে ইতালিয়ান আল্পসজুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন ভেন্যুর কারণে পাহাড় রক্ষার বদলে সড়ক নির্মাণেই বিপুল অর্থ ব্যয় করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তিনি আরও বলেন, মিলান পর্যটকদের জন্য এক ধরনের ‘আনন্দময় ডিজনিল্যান্ডে’ পরিণত হয়েছে, যেখানে বড় বড় আয়োজন হলেও শহরের স্থায়ী বাসিন্দাদের চাহিদা উপেক্ষিত থাকছে।
বিক্ষোভে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার দেখা যায়। একটি ব্যানারে লেখা ছিল, ‘শহর ফিরে নাও, পাহাড় মুক্ত করো।’ আরেকটিতে পানির ফোঁটার ছবি এঁকে লেখা ছিল, ‘অলিম্পিক আমাকে শুকিয়ে দিচ্ছে।’
৬৯ বছর বয়সী বিক্ষোভকারী জিওভান্নি গায়ানি মিলান-কর্তিনা ববসলেই ট্র্যাক নির্মাণের জন্য শত শত গাছ কাটার সিদ্ধান্তের কড়া সমালোচনা করেন। অন্য বিক্ষোভকারীরা কাগজের তৈরি গাছ প্রদর্শন করে মাটিতে শুইয়ে রাখেন, যেন কাটা গাছের প্রতীক।
আরেকটি ব্যানারে লেখা ছিল, ‘মুক্ত পাহাড়, কম বরফ, বেশি হিমবাহ।’
এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের নিরাপত্তায় দেশটির অভিবাসন নিয়ন্ত্রণ সংস্থা আইসের কিছু সদস্যের উপস্থিতি নিয়েও ইতালিতে ক্ষোভ দেখা দিয়েছে।
বিক্ষোভস্থলের আশপাশে দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জাম পরা পুলিশকে সতর্ক অবস্থানে দেখা যায়। এ সময় কিছু বিক্ষোভকারী ফিলিস্তিনের পতাকাও বহন করছিলেন।

