আগামীর সময়

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকিতে এশিয়ার শেয়ারবাজারে বড় পতন

যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হুমকিতে এশিয়ার শেয়ারবাজারে বড় পতন

যুক্তরাষ্ট্র ও ইরানের পাল্টাপাল্টি হামলার হুমকির মধ্যে আজ সোমবার এশিয়ার প্রধান শেয়ারবাজারগুলোতে বড় ধরণের পতন হয়েছে। জাপানের প্রধান সূচক নিক্কেই ২২৫ প্রায় ৩ দশমিক ৬ শতাংশ কমেছে। দক্ষিণ কোরিয়ার কসপি সূচক প্রায় ৬ শতাংশ নেমে গেছে। মধ্যপ্রাচ্যে চলমান এই যুদ্ধে জাপান ও দক্ষিণ কোরিয়া বিশেষভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কারণ দেশ দুটির তেল ও গ্যাসের সরবরাহের সিংহভাগই হরমুজ প্রণালি দিয়ে আসে।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরুর পর থেকে হরমুজ প্রণালি বন্ধ করে দিয়েছে ইরান। সরু এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহন করা হয়। ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের দ্রুত বেড়ে গেছে।

এর আগে শনিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরান যদি হরমুজ প্রণালির খুলে না দেয়, তবে তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো “সম্পূর্ণ ধ্বংস” করে দেবেন। এর জবাবে ইরান পাল্টা হুমকি দিয়ে বলে, এমন হামলা হলে তারা উপসাগরীয় দেশগুলোর জ্বালানি অবকাঠামো হামলা চালাবে।

সোমবার আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরোল জানান, এই যুদ্ধের কারণে বিশ্ব কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় জ্বালানি সংকটের মুখে পড়তে পারে। অস্ট্রেলিয়ার রাজধানীতে ন্যাশনাল প্রেসক্লাবে বক্তব্য দিতে গিয়ে তিনি বর্তমান পরিস্থিতিকে ১৯৭০ এর দশকের তেল সংকট এবং ২০২২ সালে রাশিয়ার ইউক্রেন আক্রমণের পর তৈরি জ্বালানি সংকটের তুলনা করেন। তার ভাষ্য, আগের দুটি তেল সংকট এবং একটি গ্যাস সংকটের সমষ্টির চেয়েও বর্তমানের সংকট বেশি খারাপ।

সোমবার এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অন্যান্য শেয়ারবাজারও নিম্নমুখী ছিল। হংকংয়ের হ্যাং সেং সূচক প্রায় ৩ দশমিক ৫ শতাংশ কমেছে এবং সাংহাই কম্পোজিট সূচক ২ দশমিক ৫ শতাংশ কমেছে।

সূত্র: বিবিসি।

    শেয়ার করুন: