আগামীর সময়

ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত

ক্রিমিয়ায় রুশ সামরিক বিমান বিধ্বস্ত

রুশ এএন-২৬ সামরিক পরিবহন বিমান

ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানে থাকা ২৯ জনই নিহত হয়েছেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় ক্রিমিয়ায় একটি রুশ এএন-২৬ সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। এ দুর্ঘটনায় উড়োজাহাজের আরোহী ২৯ জনের সবাই নিহত হয়েছেন।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, কৃষ্ণ সাগরের কৌশলগত উপদ্বীপের ওপর দিয়ে ‘নিয়মিত উড্ডয়ন’ চলাকালে স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, বিমানটিতে বাহ্যিক আঘাতের কোনো চিহ্ন ছিল না। যা থেকে বোঝা যায় যে বিমানটি ইউক্রেনের গুলিতে ভূপাতিত হয়নি।

রুশ সংবাদমাধ্যম তাস একটি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বিমানটি একটি পাহাড়ে বিধ্বস্ত হয়েছে।

রিয়া নভোস্তি জানায়, প্রাথমিক তথ্য থেকে ধারণা করা হচ্ছে, বিমানটি কোনো যান্ত্রিক ত্রুটির শিকার হয়ে থাকতে পারে।

এএন-২৬ হলো একটি দুই-ইঞ্জিন বিশিষ্ট টার্বোপ্রপ বিমান। এটি ৪০ জন পর্যন্ত যাত্রী বহন করতে সক্ষম। এই বিমান প্যারাট্রুপার মোতায়েন ও আহতদের সরিয়ে আনার জন্য বিশেষভাবে তৈরি।

    শেয়ার করুন: