আগামীর সময়

ইরানের স্কুলে হামলায় নিহতদের পরিবারকে ২ লাখ ডলার অনুদান চীনের

ইরানের স্কুলে হামলায় নিহতদের পরিবারকে ২ লাখ ডলার অনুদান চীনের

সংগৃহীত ছবি

চীনের রেড ক্রস সোসাইটি জরুরি মানবিক সহায়তা হিসেবে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটিকে দুই লাখ মার্কিন ডলার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এই সহায়তা মূলত যুক্তরাষ্ট্র–ইসরায়েলের ইরানবিরোধী সামরিক অভিযানের সময় দক্ষিণ ইরানের একটি মেয়েদের প্রাথমিক বিদ্যালয়ে হামলায় নিহত শিক্ষার্থীদের অভিভাবকদের প্রতি সমবেদনা ও সহায়তা প্রদানের জন্য দেওয়া হবে।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন শুক্রবার বলেছেন, ‘ইরানের হরমোজগান প্রদেশের শাজারে তাইয়্যেবে প্রাথমিক বিদ্যালয়ে নিহত শিক্ষার্থীদের মৃত্যুর ঘটনায় আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তাদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

বেইজিংয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, মানবিকতার চেতনায় চীন ইরানকে প্রয়োজনীয় সহায়তা দিতে প্রস্তুত এবং ইরানি জনগণকে বর্তমান সংকট মোকাবিলায় সহায়তা করতে আগ্রহী।

‘বেসামরিক মানুষ ও সামরিক নয় এমন লক্ষ্যবস্তুর ওপর সব ধরনের নির্বিচার হামলার নিন্দা জানায় চীন’, বলেছেন তিনি।

তিনি উল্লেখ করেন, ‘স্কুলে হামলা চালানো এবং শিশুদের ক্ষতিগ্রস্ত করা আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘন এবং মানবতার নৈতিক বিবেককে গভীরভাবে আঘাত করে।’

গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সামরিক তদন্তের প্রাথমিক ফলাফলে ধারণা করা হচ্ছে, একটি মার্কিন টমাহক ক্ষেপণাস্ত্র ভুল লক্ষ্যবস্তুতে আঘাত করার কারণে ইরানের একটি প্রাথমিক বিদ্যালয়ে হামলার ঘটনা ঘটে। এ হামলায় ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়, যাদের অধিকাংশই শিক্ষার্থী।

    শেয়ার করুন: