আগামীর সময়

ইসরায়েলের পশ্চিম তীর দখল পরিকল্পনার বিরোধিতায় ট্রাম্প

ইসরায়েলের পশ্চিম তীর দখল পরিকল্পনার বিরোধিতায় ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ফিলিস্তিনের পশ্চিম তীর দখলের প্রক্রিয়া ত্বরান্বিত করতে ইসরাইল যে পরিকল্পনা নিয়েছে তার বিরোধিতা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।


হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।


ইসরাইলের এই পদক্ষেপের বিরুদ্ধে বিশ্বব্যাপী সমালোচনা বাড়ছে। যার মধ্যে আছে ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, সৌদি আরব, কাতার ও তুরস্ক।


হোয়াইট হাউসের ওই কর্মকর্তা গতকাল সোমবার রয়টার্সকে বলেছেন, একটি স্থিতিশীল পশ্চিম তীর ইসরায়েলকে নিরাপদ রাখে।


ইসরায়েলের চরম ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোটরিচ এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ নতুন পদক্ষেপের ঘোষণা দেওয়ার একদিন পর হোয়াইট হাউসের মন্তব্যটি এসেছে।


পশ্চিম তীরের তুলকারম শহরে অবস্থিত ফিলিস্তিনি শরণার্থী শিবিরে ঘর ধ্বংস করে ইসরায়েলের তৈরি সড়ক। ছবি: রয়টার্স


ইসরায়েলের মন্ত্রীদের পদক্ষেপের মাধ্যমে দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের ওপর ইসরায়েলের নিয়ন্ত্রণ বাড়াবে।


এই পদক্ষেপগুলো ইসরায়েলিদের নতুন বসতি স্থাপনের জন্য জমি অধিগ্রহণকে সহজতর করবে, যা আন্তর্জাতিক আইনের দৃষ্টিতে অবৈধ।


সোমবার এক বিবৃতিতে আটটি মুসলিম-প্রধান দেশ ইসরায়েলের পদক্ষেপের নিন্দা জানিয়েছে। তারা বলেছে, এই অবৈধ ইসরায়েলি সিদ্ধান্ত ও পদক্ষেপ ফিলিস্তিনি ভূখণ্ডে আইনবহির্ভূত ইসরায়েলি সার্বভৌমত্ব চাপিয়ে দেওয়ার উদ্দেশ্যে নেওয়া হয়েছে।


মিশর, ইন্দোনেশিয়া, জর্ডান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, তুরস্ক এবং সংযুক্ত আরব আমিরাত বলেছে, এই পদক্ষেপগুলো বসতি কার্যক্রমকে দৃঢ় করা এবং পশ্চিম তীরে নতুন আইনগত ও প্রশাসনিক বাস্তবতা চাপিয়ে দেওয়ার চেষ্টা, যা অবৈধ একত্রীকরণ ও ফিলিস্তিনি জনগোষ্ঠীর স্থানচ্যুতি ত্বরান্বিত করছে।


জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস নিন্দা জানিয়েছেন। যুক্তরাজ্য ও স্পেনও ইসরায়েলের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নও এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে।


    শেয়ার করুন: