ইরানের সামরিক বাহিনী
হরমুজ প্রণালী বন্ধ নয়, চলতে পারবে না মার্কিন ও ইসরায়েলি জাহাজ

সংগৃহীত ছবি
মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করার পরিকল্পনা নেই বলে জানিয়েছে ইরানের সামরিক বাহিনী। তবে যেকোনো মার্কিন ও ইসরায়েলি জাহাজ চললে সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। শনিবার (৭ মার্চ) আলজাজিরার লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়।
ইরানের সামরিক বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, চলমান যুদ্ধের কারণে প্রণালীতে জাহাজ চলাচল কমে গেছে। আমরা হরমুজ প্রণালী অতিক্রম করতে ইচ্ছুক কোনো জাহাজকে বাধা দেব না, তবে এর নিরাপত্তার দায়িত্ব জাহাজেরই। তিনি আরও সতর্ক করে বলেন, ‘যদি ইসরায়েল, যুক্তরাষ্ট্র বা তাদের মিত্রদের কোনো জাহাজ হরমুজ প্রণালী অতিক্রমের চেষ্টা করে, আমরা সেগুলোকে লক্ষ্যবস্তু করব।’
গত বছর এই প্রণালীর মাধ্যমে প্রতিদিন প্রায় ১ কোটি ৫০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল এবং প্রায় ৫০ লাখ ব্যারেল তেলজাত পণ্য পরিবহন করা হতো, যার অধিকাংশই এসেছে এশিয়ার দেশগুলোতে। তবে সাম্প্রতিক সময়ে নতুন বিধিনিষেধ এবং ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার ফলে তেলবাহী ট্যাংকার চলাচল উল্লেখযোগ্যভাবে কমেছে।

