আগামীর সময়

ইরান যুদ্ধ নিয়ে চীন-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

ইরান যুদ্ধ নিয়ে চীন-পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

সংগৃহীত ছবি

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই শুক্রবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের সঙ্গে ফোনালাপ করেন। এ সময় তারা ইরানের পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন এবং শান্তি আলোচনা পুনরায় শুরু করার পক্ষে সমর্থন জানান।

দার ওয়াংকে ইরান পরিস্থিতির সর্বশেষ অগ্রগতি ও পাকিস্তানের মূল্যায়ন সম্পর্কে অবহিত করেন এবং মধ্যস্থতা প্রচেষ্টায় চীনের সমর্থনের জন্য ধন্যবাদ জানান। তিনি জানান, যুদ্ধবিরতি ও শান্তি পুনঃপ্রতিষ্ঠা এখন ব্যাপকভাবে প্রত্যাশিত, এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত যুক্তরাষ্ট্র ও ইরানকে আলোচনায় ফিরতে উৎসাহিত করা।

দার আরও উল্লেখ করেন, এ বিষয়ে পাকিস্তান ও চীনের অবস্থান ও লক্ষ্য একই, এবং শান্তি ও যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় চীনের সঙ্গে যৌথভাবে সক্রিয় ভূমিকা রাখতে পাকিস্তান আগ্রহী।

ওয়াং ই জানান, কৌশলগত অংশীদার হিসেবে চীন ও পাকিস্তান এই সংঘাত বিষয়ে একটি নিরপেক্ষ ও ধারাবাহিক অবস্থান ধরে রেখেছে। তিনি উত্তেজনা প্রশমনে পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন, শান্তি আলোচনা শুরু করা সহজ নয়, তবে তা শুরু করতে পারলেই আরও প্রাণহানি ও ক্ষতি এড়ানো সম্ভব। এতে সংঘাত বিস্তার রোধ হবে এবং হরমুজ প্রণালিতে স্বাভাবিক নৌচলাচল পুনরুদ্ধারেও সহায়তা করবে।

তিনি আরও জানান, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে পাকিস্তানের সঙ্গে সমন্বয় জোরদারে চীন প্রস্তুত।

দুই পক্ষই যুদ্ধবিরতি, সংলাপ পুনরায় শুরু, বেসামরিক স্থাপনা ও নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং জাতিসংঘের প্রধান ভূমিকা সমর্থনের বিষয়ে একমত হয়েছে।

এছাড়া তারা পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত উত্তেজনা নিয়েও মতবিনিময় করেছেন।

    শেয়ার করুন: