ইরানে অভিযান ‘অব্যাহত’ রাখতে ট্রাম্পকে আহ্বান সৌদি যুবরাজের

সংগৃহীত ছবি
সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান অব্যাহত রাখতে আহ্বান জানিয়েছেন বলে মঙ্গলবার দ্য নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে। এতে উল্লেখ করা হয়, তিনি যুক্তরাষ্ট্র-ইসরায়েল অভিযানে মধ্যপ্রাচ্য পুনর্গঠনের একটি ‘ঐতিহাসিক সুযোগ’ দেখেছেন।
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্ট সূত্রের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি এই প্রতিবেদনে বলা হয়, গত এক সপ্তাহে যুবরাজ ট্রাম্পকে ইরানের কট্টরপন্থী নেতৃত্বের পতন ঘটাতে চাপ বাড়ানোর পরামর্শ দিয়েছেন।
তবে সৌদি কর্মকর্তারা এই বর্ণনাকে জোরালোভাবে প্রত্যাখ্যান করে বলেছেন, তারা সবসময়ই সংঘাতের শান্তিপূর্ণ সমাধানকে সমর্থন করে এসেছে।
এক বিবৃতিতে তারা জানায়, সৌদি আরব ট্রাম্প প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখেছে এবং তাদের অবস্থান ‘অপরিবর্তিত’ রয়েছে।
দ্য নিউইয়র্ক টাইমস উল্লেখ করেছে, বিশ্বনেতাদের মধ্যে সংবেদনশীল আলোচনার কারণে পরিচয় গোপন রেখে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বক্তব্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।
অন্যদিকে সৌদির অবস্থান সম্পর্কে অবগত এক আঞ্চলিক কর্মকর্তার বরাত সিএনএন এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরব চায় ইরানের সঙ্গে চলমান যুদ্ধের অবসান হোক, তবে তেহরানের ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা ‘যতটা সম্ভব দুর্বল’ করা হোক।
তবে ওই কর্মকর্তা উল্লেখ করেন, একই সঙ্গে রিয়াদ চায় না ইরানের বেসামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হোক।
তিনি বলেছেন, ‘আমরা একটি আক্রমণাত্মক প্রতিবেশী চাই না, আবার এমনও চাই না যে ইরানের জনগণ চরম দুর্দশায় পড়ে।’
তিনি আরও যোগ করেন, ‘শেষ পর্যন্ত আমরা প্রতিবেশী—আমরা একটি শান্তিপূর্ণ অঞ্চলই চাই।’

