যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, দাবি ইরানের

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো ধরনের আলোচনা ও ঐকমত্য হওয়ার কথা অস্বীকার করেছে ইরান।
ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ এ তথ্য জানান। তিনি বলেছেন, আলোচনার খবর সম্পূর্ণ ‘মিথ্যা কথা’।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ও এক বিবৃতিতে একই দাবি করে।
এর আগে ইরানের সঙ্গে ঐকমত্য হয়েছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এর প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে গালিবাফ লিখেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি। আর্থিক ও তেলের বাজার নিয়ন্ত্রণ করতে এবং যুক্তরাষ্ট্র-ইসরায়েল যে চোরাবালিতে আটকে গেছে, তা থেকে বাঁচতে মিথ্যা খবর ব্যবহার করা হচ্ছে।
দ্বিতীয় একটি পোস্টে গালিবাফ লিখেছেন, ইরান ‘আগ্রাসনকারীদের পূর্ণাঙ্গ ও অনুশোচনামূলক শাস্তি’ দাবি করে। এ লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত ইরানের কর্মকর্তারা ‘দৃঢ়ভাবে তাদের সর্বোচ্চ নেতা ও জনগণের পাশে রয়েছেন।’
গালিবাফের পোস্টের আগে এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাগাই যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার খবরটি অস্বীকার করেছিলেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালী এবং যুদ্ধ বন্ধের শর্ত নিয়ে তেহরানের অবস্থানে কোনো পরিবর্তন আসেনি।
বাগাইয়ের বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানায়, যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের আলোচনার অনুরোধ নিয়ে কিছু বন্ধু দেশের কাছ থেকে বার্তা পাওয়া গেছে।
বাগাই আরও জানিয়েছেন, এর জবাবে ইরান ‘তাদের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে যেকোনো হামলার ভয়াবহ পরিণতি’ সম্পর্কে সতর্কবার্তা দিয়েছে।
এর আগে ইরানের বিদ্যুৎ অবকাঠামোতে হামলার হুমকি দিয়েছিলেন ট্রাম্প, যা তিনি পরে আবার পাঁচদিনের জন্য স্থগিত করেন।
২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। এরপর থেকে তেহরান পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলে। পাশাপাশি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি ও স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায়ও চলছে হামলা। এছাড়া হরমুজ প্রণালী অবরোধ করে রেখেছে ইরান। যার কারণে বিশ্বজুড়ে বৃদ্ধি পেয়েছে জ্বালানির দাম।
সূত্র : আলজাজিরা

