ওয়াশিংটন পোস্ট
ইরানে স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি
যুক্তরাষ্ট্র ইরানে সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট। নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি করে সংবাদমাধ্যমটি এ প্রতিবেদন প্রকাশ করেছে।
ওয়াশিংটন পোস্টকে কর্মকর্তারা জানিয়েছেন, স্থল অভিযানে বিশেষ বাহিনী ও পদাতিক সৈন্যরা অংশ নেবে। তবে ট্রাম্প পেন্টাগনের সব পরিকল্পনার অনুমোদন দিবেন কি না, তা স্পষ্ট নয় বলে জানায় ওয়াশিংটন পোস্ট।
নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেছেন, এই স্থল হামলা অন্য সাধারণ স্থল হামলার মতো হবে না। ইরানে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্স এবং কামান সেনারা রেইড দেবে। তবে এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সেনারা ড্রোন, মিসাইল এবং গুলির মুখে পড়তে পারেন বলে সতর্কতা দিয়েছেন এই কর্মকর্তারা।
প্রতিবেদনটি এমন সময়ে এলো যখন মার্কিন সামরিক বাহিনী মধ্যপ্রাচ্যে ৩১তম মেরিন এক্সপেডিশনারি ইউনিটের ৩ হাজার ৫০০ সৈন্য পাঠানোর ঘোষণা দিয়েছে।
এদিকে ট্রাম্প ইরানকে পরাজয় মেনে নেওয়ার আহ্বান জানিয়ে হরমুজ প্রণালীর অবরোধ প্রত্যাহার করতে বলেছেন। আর অবরোধ অব্যাহত রাখলে ইরানে ‘নরক নামিয়ে আনার’ হুমকি দিয়েছেন।

