আগামীর সময়

ইরানকে ফাঁসাতে নকল ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

ইরানকে ফাঁসাতে নকল ড্রোন ব্যবহার করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

ইরানের শাহেদ ড্রোনের আদলে তৈরি লুকাস ড্রোন। ছবি: সংগৃহীত

ইরানকে ফাঁসাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নকল ড্রোন ব্যবহার করে মধ্যপ্রাচ্যে হামলা চালাচ্ছে বলে অভিযোগ তুলেছে তেহরান। খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর বলছে, ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে তৈরি ‘লুকাস’ ড্রোন ব্যবহার করে এই অঞ্চলে হামলা করে তার দায় ইরানের ওপর চাপিয়ে দিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

ইরানি গণমাধ্যম আইআরআইবি-তে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক দিনগুলোতে তুরস্ক, কুয়েত এবং ইরাকের মতো প্রতিবেশী ও বন্ধুপ্রতীম দেশগুলোর বিভিন্ন কেন্দ্রে চালানো বর্বরোচিত হামলা এবং এসব হামলার দায় ইরানি সশস্ত্র বাহিনীর ওপর চাপানো এর প্রকৃষ্ট উদাহরণ।

বিবৃতিতে আরও বলা হয়েছে, এই কৌশলের মূল লক্ষ্য হলো ইরানি সামরিক বাহিনীর ‘প্রতিরক্ষামূলক, আইনি এবং বৈধ পদক্ষেপগুলোকে’ খাটো করা এবং তেহরানের সঙ্গে তার প্রতিবেশীদের ‘বিবাদ ও বিভেদ সৃষ্টি’ করা।

তেহরান পুনর্ব্যক্ত করে বলছে, তারা "শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের লক্ষ্যবস্তু, কেন্দ্র এবং স্বার্থসংশ্লিষ্ট স্থাপনায় হামলা চালায় এবং ঘোষণা দিয়ে যে কোনো স্থানে হামলার দায়ভার তারা নেবে।

    শেয়ার করুন: