ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিত করলেন ট্রাম্প

ফাইল ছবি
ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে উল্লেখজনক অগ্রগতি হয়েছে উল্লেখ করে ইরানের জ্বালানি স্থাপনায় হামলা আরও ১০ দিন স্থগিতের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী ৬ এপ্রিল পর্যন্ত ট্রাম্পের স্বঘোষিত এই হামলা স্থগিত করা হয়েছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা।
ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে জানান, ইরানের অনুরোধে তিনি বিদ্যুৎকেন্দ্র ধ্বংসের সময়সীমা ১০ দিনের জন্য পিছিয়ে দিয়েছেন। তাঁর দাবি, ‘ভুয়া সংবাদমাধ্যমের মিথ্যা প্রচারণার বিপরীতে আলোচনা খুব ভালোভাবে এগোচ্ছে।'
এর আগে গত রবিবার ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে, ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়া না হলে তিনি ইরানের বিদ্যুৎ গ্রিডে হামলা চালাবেন। তিনি লিখেছিলেন, তিনি ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলোতে হামলা চালাবেন এবং ‘সবচেয়ে বিদ্যুৎকেন্দ্রকে দিয়েই হামলা শুরু করবেন।' পরে ‘ফলপ্রসূ আলোচনা’র কথা বলে তিনি প্রথমে ৫ দিনের জন্য সময় বাড়ান, আর এবার সেটি দ্বিতীয়বারের মতো আরও বাড়ানো হলো।
যদিও যুদ্ধ বন্ধে ওয়াশিংটনের সঙ্গে আলোচনার কথা অস্বীকার করেছে তেহরান। শান্তি আলোচনার মধ্যস্থতাকারীদের বরাতে ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, ইরান তাঁর জ্বালানি স্থাপনায় হামলা স্থগিত করতে যুক্তরাষ্ট্রকে কোনো ধরনের অনুরোধ করেনি।
তবে এই পরিকল্পনা নিয়ে আন্তর্জাতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ট্রাম্পের এই পদক্ষেপকে ‘যুদ্ধাপরাধ সংঘটনের হুমকি’ হিসেবে উল্লেখ করেছে।
আইন বিশেষজ্ঞদের মতে, বেসামরিক অবকাঠামো, বিশেষ করে বিদ্যুৎকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে, যদি তা সরাসরি সামরিক প্রয়োজনীয়তার সঙ্গে যুক্ত না থাকে।

