মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
আজ ইরানে সর্বোচ্চ মাত্রার হামলা চালাবে যুক্তরাষ্ট্র

সংগৃহীত ছবি
তেহরানের আকাশে আজ আবারও সর্বোচ্চ পরিমাণ হামলা চালাবে যুক্তরাষ্ট্র। শুক্রবার (১৩ মার্চ) ভার্জিনিয়ার আর্লিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এমন হুমকি দিলেন।
‘আজ আবারও ইরান এবং তেহরানের আকাশে আমেরিকার চালানো সর্বোচ্চ সংখ্যক হামলার দিন হবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে এ পর্যন্ত ইরানের ১৫ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। এটাকে অনেক বড় অর্জন।’
‘আমরা তাদের গুরুত্বপূর্ণ সব সক্ষমতা ধ্বংস করে দেওয়ার পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছি। যুক্তরাষ্ট্র এই যুদ্ধে তার অগ্রযাত্রা বজায় রাখবে,’ যোগ করলেন হেগসেথ। আলজাজিরার লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে হামলার হুমকি দেন। শুক্রবার সাক্ষাৎকারটি প্রচার করা হয়।
‘আগামী সপ্তাহের মধ্যে ইরানে কঠোর হামলা চালানো হবে। প্রয়োজনে হরমুজ প্রণালী পার হতে বিভিন্ন দেশের জাহাজের নিরাপত্তা দেবে যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের নেতৃত্বাধীন যুদ্ধ ভালোভাবে এগিয়ে যাবে।’
ট্রাম্প ইরান প্রসঙ্গে দোলাচলে আছেন, যদিও তিনি ইরানের সামরিক ক্ষমতাকে উল্লেখযোগ্যভাবে দুর্বল করার জন্য মার্কিন সামরিক বাহিনীর প্রশংসা করেছেন। তবে তিনি দ্রুত যুদ্ধ শেষ করতে পারছেন না।
‘আমরা জিতেছি। কিন্তু কাজ শেষ করার জন্য যুক্তরাষ্ট্রকে এ যুদ্ধ চালিয়ে যেতে হবে।’ গত বুধবার কেন্টাকির হেবরনে ইরান যুদ্ধ প্রসঙ্গে বলছিলেন ট্রাম্প।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলে। জবাবে ইসরায়েলে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন ঘাঁটি ও স্থাপনায় পাল্টা হামলা চালাতে থাকে ইরান।

