আগামীর সময়

যুদ্ধবিরতি চায় না ইরান: আরাগচি

যুদ্ধবিরতি চায় না ইরান: আরাগচি

সংগৃহীত ছবি

তেহরান কখনো যুদ্ধবিরতির অনুরোধ করেনি এবং ওয়াশিংটনের সঙ্গে আলোচনাও চায়নি বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেও ইরান আত্মরক্ষা চালিয়ে যাবে।

সিবিএস নিউজকে দেওয়া মন্তব্যে আরাগচি বলেছেন, ‘না, আমরা কখনো যুদ্ধবিরতি চাইনি, এমনকি আলোচনার অনুরোধও করিনি। যতদিন প্রয়োজন আমরা নিজেদের রক্ষা করতে প্রস্তুত। এখন পর্যন্ত আমরা সেটিই করেছি এবং করে যাব—যতক্ষণ না প্রেসিডেন্ট ট্রাম্প বুঝতে পারেন যে এটি একটি অবৈধ যুদ্ধ, যার কোনো বিজয় নেই। মানুষ মারা যাচ্ছে শুধু এই কারণে যে প্রেসিডেন্ট ট্রাম্প আনন্দ পাওয়ার জন্য এটি করতে চান। তিনি নিজেই এমন কথা বলেছেন।’

আরাগচি সংঘাতে যুক্তরাষ্ট্রের আচরণের সমালোচনা করে বলেছেন, জাহাজ লক্ষ্য করে হামলার মতো পদক্ষেপগুলো ‘প্রেসিডেন্ট ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের পছন্দের যুদ্ধ’-এর অংশ।

ইরান অস্তিত্ব রক্ষার যুদ্ধ লড়ছে, তিনি এমন ধারণাও প্রত্যাখ্যান করেছেন। তার মতে, ইরান সরকার ‘যথেষ্ট স্থিতিশীল ও শক্তিশালী’ এবং জনগণকে রক্ষা করতে আলোচনার প্রয়োজন নেই।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন অভিযান আসলে সেই দেশগুলোর ভূখণ্ড থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী ইরানের ওপর হামলা চালানোর জবাব হিসেবে পরিচালিত হচ্ছে।

আরাগচি বলেছেন, ‘এগুলো সেই দেশগুলো, যারা আমাদের ওপর হামলা চালানোর জন্য তাদের মাটি আমেরিকান বাহিনীকে ব্যবহার করতে দিয়েছে।’

তার প্রশ্ন, ‘তাহলে আমরা কী করব? শুধু বসে বসে দেখব যে আমেরিকান বাহিনী তাদের ভূখণ্ড থেকে আমাদের ওপর হামলা চালাচ্ছে?’

আরাগচি দাবি করেন, ‘আমরা কেবল আমেরিকার সম্পদ, আমেরিকান স্থাপনা এবং আমেরিকান সামরিক ঘাঁটিগুলোই লক্ষ্যবস্তু করছি। সবই আমেরিকানদের।’

    শেয়ার করুন: