আগামীর সময়

সৌদিতে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত, বাংলাদেশিসহ নিহত ২

সৌদিতে আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাত, বাংলাদেশিসহ নিহত ২

আল-খারজ শহর।

সৌদি আরবের একটি আবাসিক ভবনে ক্ষেপণাস্ত্রের আঘাতে অন্তত দুজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি এবং অপরজন ভারতীয় নাগরিক। রবিবার সন্ধ্যায় দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

এক্সে দেওয়া এক বার্তায় তারা জানায়, ক্ষেপণাস্ত্রটি রিয়াদ প্রদেশের আল-খারজ প্রশাসনিক এলাকার একটি আবাসিক কম্পাউন্ডে আঘাত হানে। এতে দুজন নিহত এবং অন্তত ১২ জন আহত হন। নিহতদের একজন ভারতীয় এবং অন্যজন বাংলাদেশি নাগরিক।

আল-খারজ রিয়াদ থেকে প্রায় ৮০ কিলোমিটার দক্ষিণ–পূর্বে অবস্থিত।

এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছিল, তারা সৌদি আরবের কয়েকটি স্থানে হামলা চালিয়েছে। এর মধ্যে আল-খারজের রাডার সিস্টেমকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

তবে এই ক্ষেপণাস্ত্রটি ইরানের কিনা, তা এখনো নিশ্চিত করেনি সৌদি কিংবা ইরানি কর্তৃপক্ষ।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আলি খামেনি নিহত হওয়ার পর থেকে ইরান ইসরায়েলের লক্ষ্যবস্তু এবং উপসাগরীয় দেশগুলোতে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোর ওপর হামলা শুরু করে।

এদিকে মঙ্গলবার সৌদি আরবে যুক্তরাষ্ট্রের দূতাবাস এবং দুবাইতে মার্কিন কনস্যুলেটেও হামলা চালিয়েছে ইরান।

    শেয়ার করুন: