ট্রাম্পের উপদেষ্টার ভিসা বাতিল করল ব্রাজিল

ড্যারেন বিটি
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কট্টর ডানপন্থী উপদেষ্টা ড্যারেন বিটির ভিসা বাতিল করেছে ব্রাজিল সরকার। ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোর সঙ্গে দেখা করার পরিকল্পনা ছিল তার।
ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা শুক্রবার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ওয়াশিংটনে ব্রাজিলীয় কর্মকর্তাদের ভিসা বাতিলের মার্কিন সিদ্ধান্তের পাল্টা পদক্ষেপ হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। যাদের ভিসা বাতিল করা হয়েছে, তাদের মধ্যে ব্রাজিলের স্বাস্থ্যমন্ত্রী আলেকজান্দ্রে পাদিলহাও রয়েছেন। তার মার্কিন ভিসা গত বছর বাতিল করা হয়েছিল।
রিও ডি জেনিরোতে এক অনুষ্ঠানে লুলা বলেছেন, বলসোনারোর সঙ্গে দেখা করতে আসতে চাওয়া ওই মার্কিন ব্যক্তিকে ব্রাজিলে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যতক্ষণ না তার স্বাস্থ্যমন্ত্রীর ভিসা দেওয়া হচ্ছে, ততক্ষণ বিটিকে ব্রাজিলে আসার অনুমতি দেওয়া হবে না।
পৃথকভাবে ব্রাজিলীয় কর্মকর্তারা এএফপিসহ বিভিন্ন সংবাদ সংস্থাকে জানান, বিটি তার ভিসা আবেদনে সফরের উদ্দেশ্য সম্পর্কে ভুল তথ্য দিয়েছিলেন।
বলসোনারো দীর্ঘদিন ধরেই ট্রাম্পের ঘনিষ্ঠ ডানপন্থী মিত্র হিসেবে পরিচিত। ২০২২ সালের নির্বাচনের পর অভ্যুত্থান চেষ্টার অভিযোগে বর্তমানে তিনি ২৭ বছরের কারাদণ্ড ভোগ করছেন।
এদিকে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন সাবেক প্রেসিডেন্ট বলসোনারো। তাকে ব্রাসিলিয়ার ডিএফ স্টার হাসপাতালে আইসিইউতে ভর্তি করা হয়েছে বলে হাসপাতালের এক মেডিক্যাল নোটে জানানো হয়েছে।
৭০ বছর বয়সী বলসোনারোকে শুক্রবার ভোরে জ্বর, কাঁপুনি এবং অক্সিজেনের মাত্রা কমে যাওয়ায় কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক এবং অন্তত কয়েকদিন হাসপাতালে থাকতে হতে পারে।
এদিকে সাবেক প্রেসিডেন্টের বড় ছেলে সেনেটর ফ্ল্যাভিও বলসোনারো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে দাবি করেছেন, পরিকল্পিতভাবে তার বাবার জীবন ঝুঁকির মুখে ফেলা হচ্ছে।

