বরখাস্ত হলেন মার্কিন অ্যাটর্নি জেনারেল ও সেনাপ্রধান

মার্কিন সেনাপ্রধান র্যান্ডি জর্জ (বায়ে), অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি (ডানে)। ছবিঃ সংগৃহীত
যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার (২ এপ্রিল) সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। সংশ্লিষ্ট সূত্রের বরাতে রয়টার্স এ তথ্য জানিয়েছে।
সূত্র বলছে, ট্রাম্প ভেবেছিলেন তার সমালোচকদের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনার বিষয়ে দ্রুত পদক্ষেপ নিচ্ছিলেন না বন্ডি। সেই সঙ্গে কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টিনের নথি প্রকাশের ঘটনায় তার ওপর বেজায় অসন্তুষ্ট ছিলেন ট্রাম্প। এরই জেরে শেষমেশ গতকাল বৃহস্পতিবার বরখাস্ত হলেন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি।
সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চ সাময়িকভাবে বিচার বিভাগের দায়িত্ব পালন করবেন। পোস্টে যদিও বন্ডির প্রশংসা করলেন ট্রাম্প। তাকে উল্লেখ করলেন একজন ‘মহান আমেরিকান দেশপ্রেমিক’ এবং একজন ‘বিশ্বস্ত বন্ধু’ হিসেবে। বন্ডি শিগগিরই একটি বেসরকারি খাতের চাকরিতে যোগ দেবেন বলে উল্লেখ করলেন ট্রাম্প।
বরখাস্তের পর বন্ডিও প্রশংসা করলেন ট্রাম্পের। তিনি লিখেছেন, ‘আমেরিকাকে আরও নিরাপদ ও সুরক্ষিত করতে প্রেসিডেন্ট ট্রাম্পের ঐতিহাসিক এবং অত্যন্ত সফল প্রচেষ্টার নেতৃত্ব দেওয়া আমার জীবনের এক পরম সম্মান।’ আগামী একমাস নতুন দায়িত্ব পাওয়া টড ব্লাঞ্চের কাছে ক্ষমতা হস্তান্তরে ব্যয় করবেন বলে উল্লেখ করেন বন্ডি।
ট্রাম্পের কর্মসূচির একজন একনিষ্ঠ সমর্থক ছিলেন পাম বন্ডি। ভেঙে দিয়েছেন মার্কিন বিচার বিভাগ হোয়াইট হাউসের প্রভাবমুক্ত থাকার দীর্ঘ ঐতিহ্য। তবে এপস্টিন ফাইলে ট্রাম্পসহ রিপাবলিকান আইনপ্রণেতাদের নাম প্রকাশ্যে আসার ঘটনায় খুব আলোচিত ছিল তার সময়ে। এপস্টিনের বিরুদ্ধে বিচার বিভাগের যৌনপাচার সংক্রান্ত তদন্তের নথি অব্যবস্থাপনা ও প্রকাশ্যে ধামাচাপা দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র বলছে, ট্রাম্প গত বুধবার হোয়াইট হাউসের এক বৈঠকে বন্ডিকে জানান, অ্যাটর্নি জেনারেল পদ থেকে তাকে সরিয়ে অন্য কাউকে খুঁজছেন। হোয়াইট হাউসের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ট্রাম্প গত কয়েক মাসে বন্ডিকে একাধিকবার বলেছেন, তিনি তার পারফরম্যান্সে অসন্তুষ্ট।
এদিকে পেন্টাগনের শীর্ষ পর্যায়ে বড় ধরনের রদবদলের অংশ হিসেবে মার্কিন সেনাপ্রধান জেনারেল র্যান্ডি জর্জকে বরখাস্ত করেছেন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের দুই কর্মকর্তা ও এক সংশ্লিষ্ট ব্যক্তি রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছেন। যদিও পেন্টাগন একে উল্লেখ করছে ‘অবসর’ হিসেবে।
তারা জানিয়েছে, ৪১তম আর্মি চিফ অব স্টাফ র্যান্ডি জর্জ ‘অবিলম্বে অবসরে যাচ্ছেন’। তবে তার মেয়াদের আরও এক বছরের বেশি সময় বাকি ছিল। এক বিবৃতিতে পেন্টাগন তার কয়েক দশকের সেবার জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেছে, ‘আমরা তার অবসর জীবনের জন্য শুভকামনা জানাই।’
নাম প্রকাশ না করার শর্তে দুই কর্মকর্তা জানিয়েছেন, সেনাপ্রধানের পাশাপাশি সেনাবাহিনীর ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হোডনে এবং সেনাবাহিনীর চ্যাপলেইন কোরের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও বরখাস্ত করেছেন হেগসেথ।
জেনারেল জর্জের হঠাৎ বিদায়ের কোনো সুনির্দিষ্ট কারণ জানায়নি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। হেগসেথ ও জর্জের মধ্যে প্রকাশ্য কোনো বিরোধও দেখা যায়নি।

