মধ্যপ্রাচ্যে পাঠানো হচ্ছে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী

ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ বিমানবাহী রণতরী
ইরান যুদ্ধের মধ্যে মধ্যপ্রাচ্যে আরও একটি মার্কিন বিমানবাহী রণতরী পাঠানো হচ্ছে।
একাধিক সূত্র বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজকে জানিয়েছে, ইউএসএস জর্জ এইচডব্লিউ বুশ বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে মার্কিন সেন্ট্রাল কমান্ডে মোতায়েন করা হবে।
এই রণতরী একটি ভাসমান বিমান ঘাঁটি এবং ৮০টিরও বেশি যুদ্ধবিমান বহন করতে সক্ষম।
মার্কিন কর্মকর্তারা সিবিএসকে জানিয়েছেন, এই বিশাল রণতরী এবং এর স্ট্রাইক গ্রুপ চলতি মাসের শুরুতে মোতায়েনের পূর্ববর্তী প্রশিক্ষণ সম্পন্ন করেছে এবং এখন ইরানে মার্কিন অভিযানে যোগ দিতে পারে।
দুটি গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার—ইউএসএস ডোনাল্ড কুক এবং ইউএসএস মেসন—ইরানে মার্কিন অভিযানে যোগ দেওয়ার উদ্দেশ্যে এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ত্যাগ করেছে। আরও একটি ডেস্ট্রয়ার ইউএসএস রস, এই সপ্তাহে যুক্তরাষ্ট্র ছেড়েছে। যদিও এর গন্তব্য এখনো প্রকাশ করা হয়নি।
এছাড়া ওই অঞ্চলে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ও ইউএসএস জেরাল্ড আর ফোর্ড মোতায়েন ছিল। এরমধ্যে জেরাল্ড আর ফোর্ডকে মেরামতের জন্য গ্রিসের একটি দ্বীপের বন্দরে নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র জানায়, রণতরীর লন্ড্রি এলাকায় আগুন লাগার কারণে সেটিকে সরিয়ে নেওয়া হয়েছে।

