আগামীর সময়

ইরানের জ্বালানি উৎস ‘সম্পূর্ণরূপে’ নিশ্চিহ্নের হুমকি ট্রাম্পের

ইরানের জ্বালানি উৎস ‘সম্পূর্ণরূপে’ নিশ্চিহ্নের হুমকি ট্রাম্পের

ইরান যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিতে না পৌঁছায় এবং হরমুজ প্রণালী খুলে না দেয়, তাহলে যুক্তরাষ্ট্র দেশটির বিদ্যুৎকেন্দ্র ও তেলক্ষেত্র ‘ধ্বংস করে সম্পূর্ণ নিশ্চিহ্ন’ করে দিয়ে অঞ্চলে সামরিক উপস্থিতি শেষ করবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রুথ সোশ্যালে দেওয়া পোস্টে ট্রাম্প জানান, যুক্তরাষ্ট্র বর্তমানে একটি নতুন এবং আরও যুক্তিসঙ্গত শাসনের সঙ্গে ইরানে সামরিক অভিযান শেষ করতে গুরুতর আলোচনা চালাচ্ছে এবং এতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। তবে যদি দ্রুত কোনো চুক্তি না হয় এবং যদি হরমুজ প্রণালী অবিলম্বে ‘ব্যবসার জন্য উন্মুক্ত’ না করা হয়, তাহলে ইরানের সব বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, তেলক্ষেত্র এবং খারগ দ্বীপ ধ্বংস করে যুক্তরাষ্ট্র তাদের ‘অবস্থান’ শেষ করবে। 

প্রয়োজনে সব লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্ল্যান্টও ধ্বংস করা হবে বলেও জানান তিনি। যদিও তার মতে চুক্তি হওয়ার সম্ভাবনাই বেশি।

তিনি আরও উল্লেখ করেন, এসব স্থাপনায় এখনো ইচ্ছাকৃতভাবে হামলা চালানো হয়নি।

এর আগে ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প ইঙ্গিত দেন, যুক্তরাষ্ট্র ইরানের তেল নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়টিও বিবেচনা করছে। 

তিনি জানান, ‘তেল দখলে নেওয়া তার পছন্দ হবে’, বিশেষ করে খারগ দ্বীপ—যা ইরানের প্রধান জ্বালানি রপ্তানি কেন্দ্র।

এদিকে তার এসব মন্তব্যের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে, যেখানে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়েছে।


    শেয়ার করুন: