হোয়াইট হাউস
ট্রাম্প যখন মনে করবেন সামরিক লক্ষ্য অর্জন হয়েছে, তখন যুদ্ধ শেষ হবে

সংগৃহীত ছবি
ইরান যুদ্ধ কখন শেষ হবে তা জানালেন হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। মঙ্গলবার রাতে (১০ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি যুদ্ধ বন্ধের ইঙ্গিত দিলেন। ‘ইরান লক্ষ্যবস্তুগুলোতে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক লক্ষ্য অর্জন হওয়ার সঙ্গে সঙ্গেই যুদ্ধ শেষ হবে।’
সংবাদ সম্মেলনে ব্যাখ্যা করলেন হোয়াইট হাউসের এ কর্মকর্তা। ‘কমান্ডার-ইন-চিফ যখন নির্ধারণ করবেন যে সামরিক লক্ষ্যগুলো অর্জিত হয়েছে, পুরোপুরি বাস্তবায়িত হয়েছে এবং ইরান সম্পূর্ণ ও নিঃশর্ত আত্মসমর্পণের অবস্থানে রয়েছে, তখনই এই যুদ্ধ শেষ হবে। তারা (ইরান) মুখে স্বীকার করুক বা না করুক।’
‘অভিযানগুলো বেশ ভালোভাবেই চলছে এবং তা পরিকল্পনার চেয়ে এগিয়ে আছে। আমরা জানি যে মার্কিন সামরিক বাহিনী ও আমাদের সাহসী যোদ্ধারা নির্ধারিত সময়ের অনেক আগেই এই লক্ষ্যগুলো অত্যন্ত দ্রুত, দক্ষতার সঙ্গে বাস্তবায়ন করছে,’ যোগ করলেন তিনি।
অভিযানের উদ্দেশ্য সাংবাদিকদের কাছে আরও স্পষ্ট করলেন লেভিট। ‘এ অভিযানের লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র, এগুলো তৈরির সক্ষমতা ও নৌবাহিনী ধ্বংস করা, পারমাণবিক অস্ত্রধারী হওয়া চিরতরে ঠেকানো এবং অবশ্যই এই অঞ্চলে তাদের সহযোগী গোষ্ঠীদের দুর্বল করে দেওয়া।’
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র। আরব উপসাগর ও আশপাশে ইরানি নৌবাহিনীর ওপরও আক্রমণ করেছে।
এর জবাবে ইরানও ইসরায়েল ও এই অঞ্চল, উপসাগরীয় অঞ্চল, মধ্যপ্রাচ্য ও ককেশাসের বিভিন্ন দেশে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এমনকি হরমুজ প্রণালীও অবরোধ করে রেখেছে তেহরান।

