গণমাধ্যমের স্বাধীনতার ক্রমাগত লঙ্ঘনের নিন্দা পোপ লিওর

ছবি: রয়টার্স
বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে বিশ্বজুড়ে গণমাধ্যমের স্বাধীনতার ওপর চলমান লঙ্ঘনের নিন্দা জানিয়েছেন পোপ লিও। আজ রবিবার সংঘাতপূর্ণ এলাকা থেকে প্রতিবেদন করতে গিয়ে নিহত সাংবাদিকদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন তিনি।
রোমের সেন্ট পিটার্স স্কোয়ারে সাপ্তাহিক প্রার্থনা শেষে দেওয়া বক্তব্যে পোপ বলেছেন, এই দিনটি স্বাধীন সাংবাদিকতার গুরুত্ব এবং এটি সাংবাদিকদের সামনে ক্রমবর্ধমান হুমকির বিষয়টি তুলে ধরে।
তিনি বলছেন, ‘আজ আমরা বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন করছি... দুর্ভাগ্যজনকভাবে এই অধিকারটি প্রায়ই লঙ্ঘিত হয়, কখনো প্রকাশ্যভাবে, কখনো আরও গোপন উপায়ে।’
পোপ বিশ্বাসীদের প্রতি আহ্বান জানান, সত্য অনুসন্ধানের পথে প্রাণ হারানো—বিশেষ করে সংঘাতপীড়িত এলাকায় কাজ করা সাংবাদিকদের স্মরণ করার জন্য।
তিনি বলছেন, ‘আমরা সেই বহু সাংবাদিক ও প্রতিবেদকদের স্মরণ করি, যারা শিকার হয়েছেন যুদ্ধ ও সহিংসতার।’
৩ মে পালিত বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস, যা জাতিসংঘের সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর পৃষ্ঠপোষকতায় পালিত হয়। এটি মূলত চাপ বা সেন্সরের মুখে থাকা গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর প্রতি সমর্থন জানানো এবং দায়িত্ব পালন করতে গিয়ে নিহত সাংবাদিকদের স্মরণ করার একটি সুযোগ।
অতীতের বক্তব্যগুলোতে ক্যাথলিক চার্চের এই নেতা সাংবাদিকতাকে সমাজ ও গণতন্ত্রের একটি স্তম্ভ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, তথ্য একটি জনসম্পদ, যা সুরক্ষিত ও অপব্যবহার থেকে রক্ষা করা প্রয়োজন।
তিনি প্রায়ই সত্য তুলে ধরার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, তাদের কাজ কখনোই অপরাধ হিসেবে বিবেচিত হওয়া উচিত নয়। একই সঙ্গে তিনি অন্যায়ভাবে আটক বা বিচারাধীন সাংবাদিকদের মুক্তির আহ্বানও জানিয়েছেন।



