আগামীর সময়

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনার ব্যাপারে জানত যুক্তরাজ্য

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে আলোচনার ব্যাপারে জানত যুক্তরাজ্য

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার বিষয়ে যুক্তরাজ্য অবগত ছিল বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 

তিনি জানান, উত্তেজনা প্রশমন এবং এই সংঘাতের ‘যত দ্রুত সম্ভব’ শেষ দেখতে চায় যুক্তরাজ্য।

সোমবার পার্লামেন্টে এমপিদের একটি কমিটিতে বক্তৃতায় স্টারমার এ কথা বলেন।

স্টারমার উল্লেখ করেন, ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার খবরকে আমি স্বাগত জানাই।’

ব্রিটিশ প্রধানমন্ত্রী যোগ করেন, ‘একটি সমঝোতামূলক চুক্তি হলে’ তাতে ইরানের ওপর ‘কঠোর শর্ত আরোপ করা উচিত। বিশেষ করে পারমাণবিক অস্ত্রের বিষয়ে।’

এর আগে যুক্তরাষ্ট্র ইরানের শাসনব্যবস্থার একজন ‘শীর্ষ ব্যক্তির’ সঙ্গে যুদ্ধ শেষ করার লক্ষ্যে কথা বলছে বলে সোমবার দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এ আলোচনা নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির সঙ্গে হয়নি বলে জানান তিনি।

সিএনএনের সাংবাদিক কেটলান কলিন্সের প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেছেন, ‘একজন শীর্ষ ব্যক্তি। ভুলে যাবেন না—আমরা নেতৃত্বের প্রথম, দ্বিতীয় এবং বেশিরভাগ তৃতীয় স্তরই ধ্বংস করে দিয়েছি। কিন্তু এখন আমরা এমন একজনের সঙ্গে কাজ করছি, যিনি সবচেয়ে সম্মানিত এবং নেতা—যদিও পরিস্থিতি কিছুটা জটিল, কারণ আমরা প্রায় সবাইকেই সরিয়ে দিয়েছি।’

    শেয়ার করুন: