মিয়ানমারে ডিজেল-গ্যাস সিলিন্ডার পাচারের চেষ্টা, ৮ রোহিঙ্গা আটক

ছবিঃ আগামীর সময়
গভীর সাগরে বিপুল পরিমাণ ডিজেল ও গ্যাস সিলিন্ডারসহ ৮ রোহিঙ্গাকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তারা কক্সবাজারে আশ্রয় নিয়েছিলেন। রোহিঙ্গাদের সঙ্গে আরও ৪ বাংলাদেশিও ছিলেন। তাদেরও আটক করা হয়।
শনিবার (৪ এপ্রিল) সকালে তাদের আটক করা হয়। কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।
কোস্টগার্ড সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের সংকটের মধ্যে প্রায় ৬ হাজার লিটার ডিজেল ও ৬টি গ্যাসভর্তি সিলিন্ডার মায়ানমারে পাচারের চেষ্টা ছিল তাদের। পরে নগরীর পতেঙ্গা এলাকায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙ্গরে একটি নৌকায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়।
আটক রোহিঙ্গারা হলেন আবু তাহের, সৈয়দ হোসেন, এনামুল হাসান, হামিদুল হক, মো. সাকের, মো. আয়াস, মোহাম্মদ ফারুক ও পরান। তারা টেকনাফের ১৫ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা।
এছাড়া আব্দুল মান্নান, সাকিব, মো. সাকের ও সৈয়দ আলম নামে আরও চারজনকে আটক করা হয়েছে। তারা চট্টগ্রাম ও কক্সবাজারের স্থানীয় বাসিন্দা বলে জানিয়েছে কোস্টগার্ড।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।



