আধিপত্য বিস্তারে বিএনপির দুপক্ষের সংঘর্ষে প্রাণ গেল কৃষকের

বিএনপির দুপক্ষের সংঘর্ষে স্বজনদের ভিড় শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। ছবি: আগামীর সময়
ঝিনাইদহের শৈলকুপায় আধিপত্য বিস্তারে দুপক্ষের সংঘর্ষে নিহত হয়েছেন এক কৃষক। এ সময় গুরুতর আহত হয়েছেন উভয়পক্ষের আরও ১০ জন।
আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটেছে উপজেলার মাধবপুর গ্রামে। নিহত কৃষকের নাম মোহন শেখ। তিনি মাধবপুর গ্রামের মৃত মতলেব শেখের ছেলে।
এসব তথ্য নিশ্চিত করেছেন শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির মোল্লা।
স্থানীয়দের বরাতে তিনি জানান, আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল মনোহরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শের আলী ও সাধারণ সম্পাদক মসিউর রহমান দুলালের মধ্যে। সেই বিরোধের জেরে আজ সকালে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষের লোকজন। এতে আহত হয়েছেন অন্তত ১০ জন।
আহতদের দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মোহন শেখকে মৃত ঘোষণা করেন। তিনি দুলাল গ্রুপের কর্মী।
এদিকে হত্যাকাণ্ডের খবর এলাকায় ছড়িয়ে পড়লে উত্তেজনা আরও বৃদ্ধি পায়। নিহতের সমর্থকদের বিরুদ্ধে প্রতিপক্ষের বেশ কিছু বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ওসি হুমায়ন কবির মোল্লা বলেছেন, আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় আব্বাস নামের একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এ ঘটনায় এখনো কোনো আনুষ্ঠানিক মামলা দায়ের হয়নি।



