যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশে থাকা প্রবাসীদের জন্য সরকার সচেষ্ট রয়েছে: নুর

ছবিঃ আগামীর সময়
সৌদি আরবসহ যুদ্ধে ক্ষতিগ্রস্ত দেশগুলোতে থাকা বাংলাদেশি শ্রমিকদের ব্যাপারেও সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর।
আজ শুক্রবার (১৩ মার্চ) বিকেলে গজারিয়া উপজেলার হামদর্দ নগরে অবস্থিত হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের মাঠে মুন্সিগঞ্জ জেলা গণঅধিকার পরিষদ কর্তৃক আয়োজিত এক ইফতার মাহফিলে এ কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলছিলেন, যুদ্ধকালীন পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের অনেক দেশের সঙ্গে বর্তমানে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। আমাদের অনেক প্রবাসী ভাই ছুটিতে দেশে এসে আটকে পড়েছেন, অনেকের ভিসার মেয়াদও শেষ হয়ে গেছে। এই জটিলতা নিরসনে আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে সাথে নিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাথে যোগাযোগ করেছি।
ইতিমধ্যে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইন আটকে পড়া শ্রমিকদের ভিসার মেয়াদ এক মাস বৃদ্ধি করেছে। তবে যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তাদের এই সুবিধা পেতে অবশ্যই ৩১ মার্চের মধ্যে আবেদন করতে হবে।
মধ্যপ্রাচ্যের বাইরে বাংলাদেশের শ্রমবাজার বিকেন্দ্রীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে জানিয়ে তিনি উল্লেখ করেন, ‘জাপান, জার্মানি, দক্ষিণ কোরিয়া এবং এশিয়ার বিভিন্ন দেশ যেমন থাইল্যান্ড ও কম্বোডিয়ায় আমাদের শ্রমবাজার কীভাবে আরও বিস্তৃত করা যায় তা নিয়ে আমরা কাজ করছি।’
মুন্সিগঞ্জের স্থানীয় সমস্যা ও সম্ভাবনা তুলে ধরে তিনি বলছিলেন, আমি জানি মুন্সিগঞ্জ একটি প্রবাসী অধ্যুষিত এলাকা। এই এলাকার জনশক্তিকে দক্ষ শ্রমিকে রূপান্তর করতে এখানে একটি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণের পরিকল্পনা রয়েছে আমাদের। এছাড়া মেঘনা নদী থেকে অবৈধ বালু উত্তোলন-মাদক এই জেলার প্রধান সমস্যা। আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাব আপনারা এসব বিষয়ে কঠোর পদক্ষেপ গ্রহণ করুন।

