মানবপাচার ও মাদক নিয়ন্ত্রণে শীঘ্রই বিশেষ অভিযান : স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার ও মাদক নিয়ন্ত্রণে শীঘ্রই দেশব্যাপী বিশেষ অভিযান চালানো হবে বলে ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার দুপুরে টেকনাফ এজাহার সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত কৃষি কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ ঘোষণা দেন তিনি।
অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘দেশের যুবসমাজকে বিপথগামী করছে মাদক। এই ব্যাধি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে সরকার। চলছে সমন্বিত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি।’
এ সময় অনলাইন জুয়ার বিস্তার নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন সালাউদ্দিন আহমদ। ‘অনলাইন জুয়া উদ্বেগজনক হারে ছড়িয়ে পড়েছে দেশে। এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধে কাজ শুরু করেছে সরকার,’ বলছিলেন তিনি।
মানবপাচার প্রসঙ্গে সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘টেকনাফ, উখিয়া ও কক্সবাজারের কিছু এলাকা মানবপাচার জনিত কারণে ঝুঁকিপূর্ণ। এ ধরনের কর্মকাণ্ড নিয়ন্ত্রণে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীকে। মানব পাচারের পয়েন্টগুলো চিহ্নিত করে চালানো হবে সমন্বিত অভিযান।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলমগীর মাহফুজ উল্লাহ ফরিদ, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফুর রহমান কাজল ও কক্সবাজার-৪ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।



