দিনাজপুর
ধান তুলতে গিয়ে পানিতে ডুবে কৃষকের মৃত্যু

সংগৃহীত ছবি
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় ধান তুলতে গিয়ে পানিতে ডুবে ওয়ায়েস কুরুনি (৬৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার বোয়ালি রাজবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্যমতে, সকালে বাড়ির পাশের আশুরের বিলে ধান কাটার পর তা তুলতে যান ওয়ায়েস কুরুনি। এ সময় অসাবধানতাবশত তিনি পানিতে পড়ে ডুবে যান।
পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত ওয়ায়েস কুরুনি উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের বোয়ালি রাজবাড়ী গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে।
নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু দে ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।



