নাটোরের সিংড়ায় কলাবাগান থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

নাটোরের সিংড়া উপজেলার লালোর ইউনিয়নে একটি কলাবাগান থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে লালোর গ্রামের কবরস্থানের পাশে কলাবাগান থেকে উদ্ধার করা হয় মরদেহটি।
পুলিশ জানিয়েছে, স্থানীয়রা বিকেলে কলাবাগানে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি জানান। খবর ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয় এলাকায়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ।
উদ্ধারের সময় মরদেহের শরীরে আঘাতের চিহ্ন ও হিংস্র প্রাণীর কামড়ের মতো ক্ষত দেখা গেছে বলে জানিয়েছে পুলিশ। তবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি এখনো।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে মরদেহটি নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য। তিনি আরও জানান, নিহতের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। তদন্ত করে দেখা হচ্ছে বিষয়টি।



