বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে দুই বোনকে শ্লীলতাহানির চেষ্টা

মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎ চলে যাওয়ার সুযোগে ঘরে ঢুকে দুই বোনকে শ্লীলতাহানির চেষ্টা করার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে।
বুধবার (২২ এপ্রিল) রাতে উপজেলার হাকালুকি হাওরপাড়ের উত্তর বড়ময়দান গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবার জানায়, এসএসসি পরীক্ষার্থী (১৬) ও তার বড় বোন একটি রাইস মিল পরিচালনার সঙ্গে যুক্ত। ঘটনার সময় বিদ্যুৎ চলে গেলে তাদের মা টর্চ আনতে বাইরে গেলে ঘরের দরজা খোলা ছিল। এ সুযোগে প্রতিবেশী মিথুন দাস (২৭) ঘরে ঢুকে প্রথমে কিশোরীর সঙ্গে ধস্তাধস্তি শুরু করে। পরে সে ওই শিক্ষার্থীর বড় বোনকে চেষ্টা শ্লীলতাহানির চেষ্টা চালায়। এ সময় দুই বোনের চিৎকারে পরিবারের সদস্যরা এগিয়ে এলে অভিযুক্তকে আটক করা হয়।
আটক করার কিছুক্ষণ পরই তার বাবা, চাচা ও ভাইসহ স্বজনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে ভুক্তভোগীর বাড়িতে ভাঙচুর করে। একপর্যায়ে তারা আটক অবস্থায় থাকা মিথুনকে জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।
ঘটনার পরপরই ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়। মামলায় মিথুন দাসসহ পাঁচজনকে আসামি করা হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। দ্রুত অভিযান চালিয়ে একজনকে গ্রেপ্তার করে গতকাল বৃহস্পতিবার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। মিথুনসহ অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।



