মাইন বিস্ফোরণে পা হারালেন রোহিঙ্গা যুবক

ছবিঃ আগামীর সময়
কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্ত এলাকা দিয়ে মিয়ানমারের দিকে বয়ে গেছে নাফ নদীর প্রশাখা জাইল্যাখালী খাল। এখানে ভোরে জেলেদের সঙ্গে মাছ ধরতে গিয়েছিলেন রোহিঙ্গা যুবক মো. সাদেক (২৫)। মাছ ধরার পর ফিরছিলেন উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০ এ। পথে মাইন বিস্ফোরণে হারালেন পায়ের গোড়ালি।
আহত সাদেক উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্প-১০-এর ব্লক এফ ১৩ এর বাসিন্দা। তার পিতার নাম বশির আহমেদ ও মায়ের নাম সারা খাতুন। বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন।
বালুখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকা বিআরএম-২১ থেকে প্রায় এক কিলোমিটার দক্ষিণে এবং শূন্যরেখা থেকে আনুমানিক ১৫০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে নারিকেল বাগান এলাকা পুঁতে রাখা ছিল ল্যান্ডমাইন। তাতে অসাবধানতা বশত পা ফেলতেই ঘটে বিস্ফোরণ। উড়ে যায় যুবকের বাম পায়ের গোড়ালি। আর গুরুতর জখম হয় ডান পায়ে হাঁটুর নিচের অংশ।
ঘটনাটি আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকের। এ বিষয়ে দায়িত্বরত বিজিবির সদস্যরা জানান, বিস্ফোরণের শব্দে ঘটনাস্থলে ছুটে যান তারা। দেখতে পান আহত সাদেককে নিয়ে বাংলাদেশের দিকে আসছেন তার সঙ্গীরা। স্থানীয়রা প্রথমে তাকে নিয়ে যান উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে। তবে অবস্থার অবনতি হলে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয় তাকে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) শান্তনু ঘোষ জানিয়েছেন, সাদেকের অবস্থা আশঙ্কাজনক। চিকিৎসা চলছে তার।
সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। রোহিঙ্গা শরণার্থী মো. জাফরের ভাষ্য, ‘সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণ নিয়ে শঙ্কিত। জীবিকার প্রয়োজনে সীমান্ত অতিক্রম করা রোহিঙ্গা ও স্থানীয় জেলেদের জন্য এটি বড় ঝুঁকি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বিজিবির উখিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম।



