ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল দুই বাংলাদেশি যুবতী

সংগৃহীত ছবি
ভারতে ১ বছর ৮ মাস কারাভোগ শেষে দুই বাংলাদেশি যুবতীকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে দেশটির পুলিশ।
গতকাল শনিবার সন্ধ্যায় তাদের বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেছে ভারতের ইমিগ্রেশন পুলিশ।
ফেরত আসা দুই যুবতীর একজন সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর গ্রামের বাসিন্দা। আরেকজন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার পারগেন্ডারিয়া এলাকার বাসিন্দা।
বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা জানাচ্ছেন, প্রয়োজনীয় ট্রাভেল পারমিটসহ কাগজপত্র যাচাই-বাছাই শেষে তাদের হস্তান্তর করা হয়েছে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে।
তিনি বলছেন, দালালের মাধ্যমে পাসপোর্ট ছাড়া অবৈধভাবে ভারতে গিয়ে মুম্বাইয়ের গ্রান্ট রোড এলাকায় গৃহকর্মীর কাজ করতেন দুই নারী। পরে মুম্বাই পুলিশ আটক করে তাদের, ভারতের আদালতে হয় সাজা। কারাভোগ শেষে সেই দেশের নওজীবন মহিলা হোমে ছিলেন দুজন।
পরে দুই দেশের উচ্চ র্যায়ের আলোচনার পর, মুম্বাইয়ের বাংলাদেশ ডেপুটি হাইকমিশন থেকে ইস্যু করা হয় ট্রাভেল পারমিট। এরপর তাদের দেশে ফেরত পাঠায় ভারতীয় পুলিশ। এ সময় ছিলেন বিজিবি, বিএসএফ, পুলিশসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ হোসেন জানিয়েছেন, আইনিপ্রক্রিয়া শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তরের জন্য দেওয়া হবে একটি বেসরকারি সংস্থার কাছে।



