ঢাকায় যাচ্ছিলেন ভূরুঙ্গামারীর লিটন, লাশ হলেন সড়কে

ছবি: আগামীর সময়
ঢাকা যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হয়েছিলেন লিটন মিয়া (২৫)। কিন্তু পথে সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর এই যুবক।
আজ শনিবার সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নে ইশ্বর বড়ুয়া গ্রামে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে মৃত্যু হয় তার। লিটন ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের বাগভান্ডার গ্রামের রফিকুল ইসলামের ছেলে, পেশায় রাজমিস্ত্রি।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানালেন, ঘটনাস্থলে পাঠানো হয়েছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী বলছে, আজ সন্ধ্যায় মোটরসাইকেলে বাড়ি (চৌকিদার মোড়) থেকে ঢাকা যাওয়ার পথে ভূরুঙ্গামারী বাস টার্মিনালে আসার পথে অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে লিটন রাস্তায় ছিটকে পড়েন, ফেটে যায় তার মাথা। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে নিয়ে আসেন ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অবস্থার অবনতি হলে পাঠানো হয় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে। রংপুর যাওয়ার পথেই মৃত্যু হয় তার।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. তানজিমা তাসনীম বলছিলেন, দুর্ঘটনায় আহত ব্যক্তির মাথা ফেটে রক্তক্ষরণ হয় প্রচুর। প্রাথমিক চিকিৎসা শেষে রেফার্ড করা হয় রংপুর। কিছু দূর গিয়ে পুনরায় হাসপাতালে ফিরিয়ে নিলে মৃত হয় তার।
ঘটনার তদন্তকারী কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক আহসান হাবিবের ভাষ্য, পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে লাশ দাফনের জন্য হস্তান্তর করা হবে। থানায় চলছে ইউডি মামলার প্রস্তুতি।



