আগামীর সময়

মৌলভীবাজারে চলন্ত ট্রেনে আগুন

মৌলভীবাজারে চলন্ত ট্রেনে আগুন

মৌলভীবাজারের কমলগঞ্জে চলন্ত উপবন এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে সাময়িকভাবে সারা দেশের সঙ্গে সিলেটের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৬টার দিকে উপজেলার শমসেরনগর এলাকার পূর্ব কালিপুর গ্রামে ভানুগাছ ও শমসেরনগর রেল স্টেশনের মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনটি চলন্ত অবস্থায় ইঞ্জিন থেকে মবিল (তেল) পড়ে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন ইঞ্জিনে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে চালক দ্রুত ট্রেনটি থামিয়ে দেন। এ সময় ট্রেনে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে তাৎক্ষণিকভাবে বড় ধরনের কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

অগ্নিকাণ্ডের কারণে ট্রেনটি চলাচল বন্ধ হয়ে গেলে সিলেটগামী কয়েকশ যাত্রী চরম ভোগান্তিতে পড়েন। একই সঙ্গে সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

কুলাউড়া রেলওয়ে স্টেশন মাস্টার রোমান আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, সিলেট থেকে একটি বিকল্প ইঞ্জিন আনা হচ্ছে। সেটি পৌঁছালে ক্ষতিগ্রস্ত ট্রেনটি উদ্ধার করে পুনরায় চলাচল স্বাভাবিক করা হবে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত অন্য ট্রেনগুলোর সিডিউলে বড় ধরনের বিপর্যয় ঘটেনি।

    শেয়ার করুন: