১ কোটি ১৬ লাখ টাকার ভারতীয় জিরা উদ্ধার, একজন গ্রেপ্তার

সংগৃহীত ছবি
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ একজনকে আটক করেছে বিজিবি। এ সময় জব্দ করা হয় একটি ট্রাকও।
গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণভাগ এলাকায় অভিযান চালায় বিয়ানীবাজার ব্যাটালিয়ন ৫২ বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১১টার দিকে বিয়ানীবাজার ব্যাটালিয়নের একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। অভিযানে সীমান্ত থেকে আসা প্রায় ৫ হাজার ৭৬০ কেজি ভারতীয় জিরা, একটি ট্রাকসহ একজনকে আটক করা হয়।
জব্দ করা জিরা ও ট্রাকের মূল্য নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকা।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান। তিনি বলেছেন, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।



