আগামীর সময়

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে ধরল পুলিশ

রংপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ নেতাকর্মীকে ধরল পুলিশ

ছবিঃ আগামীর সময়

নিজেদের সংগঠিত করতে রংপুর নগরীতে গোপনে বৈঠক করছিল নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ছাত্রলীগের এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয় শুক্রবার (৩ এপ্রিল) গভীর রাতে রংপুর নগরীর সিটি বিস্কুট মোড় এলাকা থেকে।

গ্রেপ্তাররা হলেন- রংপুর মহানগর ছাত্রলীগের সাহিত্য ও প্রচার সম্পাদক আল আমিন মিয়া (২৮), ছাত্রলীগ সদস্য জাহিদ আকরাম (২৪), এনামুল হাসান রিয়াদ (২৩) এবং রাজ উদ্দিন ওরফে রাজন (২৬)। তাদের কাছ থেকে দুটি স্টিলের পাইপ, ৩টি বাঁশের লাঠি এবং দুটি কাঠের লাঠি উদ্ধার করা হয়।

আজ শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

পুলিশের ভাষ্য, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা নিজেদের আবার সংগঠিত করতে নাশকতামূলক পরিকল্পনা বাস্তবায়নে গোপনে বৈঠক করছিল। তারা সরকারবিরোধী স্লোগানও দিচ্ছিল তখন। এমন সংবাদের ভিত্তিতে রাত আড়াইটার দিকে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় স্টিলের পাইপসহ বাঁশ ও কাঠের লাঠি।

গ্রেপ্তারদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। বিধি মোতাবেক শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়েছে , জানান ওসি আতাউর রহমান।

    শেয়ার করুন: