পোকা দমনে চালে ওষুধ, খেয়ে হাসপাতালে ৮ শ্রমিক

ছবি: আগামীর সময়
পোকা দমাতে চালে রাখা হয়েছিল বিষাক্ত ‘গ্যাস ট্যাবলেট’। সেই চাল খেয়ে হাসপাতালে ধানকাটার আট শ্রমিক। মঙ্গলবারের এই ঘটনা নাটোরের সিংড়া উপজেলার ২ নম্বর ডাহিয়া ইউনিয়নে। হাসপাতালের চিকিৎসক ও সিংড়া থানা পুলিশ নিশ্চিত করেছে এ ঘটনা।
ডাহিয়া ইউনিয়নের গাড়াবাড়ী গ্রামে কৃষক আব্বাস আলীর জমিতে ধান কাটার কাজে ছিলেন ১৫ শ্রমিক। তারা বলেছেন, বেলা সাড়ে ১১টার দিকে তারা মালিকের কাছে পানি চান। বাড়ি থেকে চাল ও পানি এনে শ্রমিকদের দেন আব্বাস আলী। সেই চাল খেয়ে কিছুক্ষণ পরেই পেটে ব্যথা ও বমিভাব শুরু হয় আটজনের। তাদের নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।
সিংড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলামের প্রাথমিক ধারণা, চালে বিষাক্ত ওষুধ মেশানো ছিল। আক্রান্তদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে।
পোকা দমনের ওষুধ চালে মেশানো ছিল- নিশ্চিত করেছেন সিংড়া থানার (ওসি) রফিকুল ইসলাম। হাসপাতালে পুলিশ পাঠিয়ে তিনি নিয়েছেন খোঁজ। শ্রমিকরা আশঙ্কামুক্ত বলেও জানান তিনি।
এ বিষয়ে জানতে আব্বাস আলীকে ফোন করা হলেও মেলেনি সাড়া।



