দাঁড়িয়ে থাকা ট্রাকে ধাক্কা, প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

গ্রাফিকস: আগামীর সময়
টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আবু হানিফা (৪৮)। শনিবার রাত সাড়ে ১১টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের কাকরাইদ স্ট্রিল রাইস সাইলো’র সামনে ঘটে এ দুর্ঘটনা।
নিহত আবু হানিফা মধুপুর পৌরসভার দামপাড়া এলাকার বাসিন্দা বাদশা মিয়ার ছেলে। পেশায় ছিলেন কলা চাষি।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, জলছত্র দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেল সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মালবাহী ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই মোটরসাইকেলের আরোহী আবু হানিফার।
ঘটনাস্থলে থাকা এনামুল হক ও অটোরিকশা চালক কদ্দুস আলী জানাচ্ছিলেন, রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেলটি এসে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই মারা যান চালক। পরে খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে পুলিশ।
মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম ফজলুল হক বলছিলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও অসাবধানতার কারণে ঘটেছে দুর্ঘটনাটি। উদ্ধার করা হয়েছে মরদেহ। ট্রাক জব্দ এবং চালক শনাক্তের কাজ চলছে। এ বিষয়ে নেওয়া হবে আইনি ব্যবস্থা।



