ভাড়া বাসা থেকে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ছবি: আগামীর সময়
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মেহেরুন্নেছা ঊর্মি (২৮) নামে এক নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শনিবার ভোররাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম বাদুরতলী গ্রামের একটি ভাড়া বাসার তৃতীয়তলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ঊর্মি বাউফল উপজেলার ইন্দ্রপুর গ্রামের বহিষ্কৃত পুলিশ সদস্য মহিববুর রহমান বাপ্পীর স্ত্রী। তিনি আমতলী পৌর শহরের শাহজাহান মিয়ার মেয়ে এবং কলাপাড়া থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় আট মাস আগে ঊর্মি তার স্বামী বাপ্পী এবং দুই সন্তান নিয়ে পশ্চিম বাদুরতলীর বাসিন্দা আমিরুল ইসলামের পাঁচতলা ভবনের তৃতীয় তলায় ভাড়া বাসায় ওঠেন।
প্রতিবেশীরা জানান, পারিবারিক বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে ঊর্মির স্বামী বাপ্পী কলাপাড়া থানায় ফোন করে জানান, তার স্ত্রী ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ভোররাতে মরদেহ উদ্ধার করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেছেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



