টাঙ্গাইলে হত্যা ও ধর্ষণের পৃথক দুই মামলার দুই আসামি গ্রেপ্তার

র্যাবের প্রেস ব্রিফিং
টাঙ্গাইলে পৃথক দুটি চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার প্রধান আসামিদের গ্রেপ্তার করেছে র্যাব-১৪, সিপিসি-৩।
আজ রবিবার দুপুরে এ বিষয়ে প্রেস ব্রিফিং করে র্যাব। প্রেস ব্রিফিংয়ে র্যাব জানিয়েছে, টাঙ্গাইলের মধুপুরে এক শিশু হত্যার ঘটনা ঘটেছে। ৬ বছর বয়সী শিশু ফাতেমা খাতুন হত্যা মামলার প্রধান আসামি আব্বাস আলীকে গতকাল শনিবার বিকেল ৫টা ৩০ মিনিটে টাঙ্গাইল সদর কলেজপাড়া চৌরাস্তা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আসামি একই এলাকার বাসিন্দা। নিহত ফাতেমা খাতুন বাড়ির পাশে খেলাধুলা করার সময় আব্বাস আলী তাকে জুস কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে নিয়ে যায় পাশের বাজারে। দীর্ঘ সময় অতিবাহিত হলেও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে না পেয়ে মধুপুর থানায় করেন নিখোঁজ ডায়েরি। ১২ এপ্রিল সকালে শিশুটির চাচা বাড়ির পাশের একটি ভুট্টা ক্ষেতে তার মরদেহ দেখতে পান। অভিযোগ রয়েছে, আসামি আব্বাস আলী শিশুটিকে গলায় নাইলন সুতা পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। তারপর লাশটি বিকৃত করারও চেষ্টা করে শিশুর পরিচয় গোপনের উদ্দেশ্যে। এ ঘটনায় নিহত শিশুর মা বাদী হয়ে মধুপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
অন্যদিকে, সিরাজগঞ্জের সদর উপজেলার এনায়েতপুর এলাকায় ঘরের বেড়া ভেঙে এক কিশোরীকে ধর্ষণের ঘটনা ঘটে। ঘটনার সঙ্গে জড়িত প্রধান আসামি আব্দুর রহমানকে একই দিন সন্ধ্যা ৭টায় টাঙ্গাইল সদর চারাবাড়ি বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে জানায় র্যাব।
র্যাবের ভাষ্য, দুটি ঘটনার পর থেকেই অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারে তৎপর ছিলাম আমরা। জোরদার করা হয় গোয়েন্দা নজরদারিও। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় আসামিদের।



