জয়পুরহাটে সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থী নিহত

সংগৃহীত ছবি
জয়পুরহাটে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজে ধাক্কা লেগে মৃত্যু হয়েছে এক এসএসসি পরীক্ষার্থীর। পরীক্ষার্থীর নাম তন্ময় সরকার (১৭)। বুধবার দুপুরে জয়পুরহাট-আক্কেলপুর সড়কের জামালপুর চান্দা এলাকায় ঘটে দুর্ঘটনাটি।
জামালপুর ইউনিয়নের চান্দা গ্রামের তপন সরকারের ছেলে নিহত তন্ময়। স্থানীয় জামালগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন তিনি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ি থেকে গরুর দুধ বিক্রি করতে মোটরসাইকেলে করে জামালগঞ্জ চারমাথা বাজারের দিকে যাচ্ছিল তন্ময়। চান্দা এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের একটি ব্রিজে সজোরে ধাক্কা লাগে মোটরসাইকেলটি। এতে রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হয় সে।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে ভর্তি করেন তন্ময়কে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে মৃত্যু হয় তার।
তন্ময়ের অকাল মৃত্যুতে পরিবার ও সহপাঠীদের মধ্যে নেমে এসেছে গভীর শোক। জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরে আলম জানান, দুধ বিক্রি করতে যাওয়ার পথে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ঘটে দুর্ঘটনাটি। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে উল্লেখ করেন তিনি।



