আগামীর সময়

ইসলামী ব্যাংকের নতুন পরিচালক আব্দুল হামিদ

ইসলামী ব্যাংকের নতুন পরিচালক আব্দুল হামিদ

এস এম আব্দুল হামিদ। ফাইল ছবি

ইসলামী ব্যাংক বাংলাদেশে স্বতন্ত্র পরিচালকের দায়িত্ব পেয়েছেন পেশাদার চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ও ব্যাংকার এস এম আব্দুল হামিদ।

আজ মঙ্গলবার (১৭ মার্চ) আব্দুল হামিদকে পরিচালকের দায়িত্ব দিয়ে ইসলামী ব্যাংকে চিঠি পাঠিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

নির্বাচিত হওয়ার পর নতুন পরিচালক আব্দুল হামিদ এক প্রতিক্রিয়ায় জানালেন, অগ্রাধিকার থাকবে কীভাবে ব্যাংকটির আর্থিক স্বাস্থ্য শক্তিশালী করা যায়। বাংলাদেশ ব্যাংকের কিছু অগ্রাধিকার বিষয় আছে, তা ব্যাংকের বর্তমান চিত্র দেখে বুঝে নির্ধারণ করা হবে। চেষ্টা করব যাতে ভালো অবস্থানে যেতে পারে ব্যাংকটি।

হিসাববিদ্যায় লেখাপড়া শেষে বেসরকারি ব্যাংকে যোগ দিয়ে কর্মজীবন শুরু করেছিলেন আব্দুল হামিদ। তিনি ২০১৭ সালে ছিলেন আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা। চাকরি করেছেন বেসরকারি প্রিমিয়ার ব্যাংকেও। ব্যাংকার হিসেবে ৩৭ বছর পার করা হামিদ বর্তমানে নিরীক্ষক প্রতিষ্ঠান ইসলাম জাহিদ অ্যান্ড কোম্পানির অংশীদার।

বর্তমানে ইসলামী ব্যাংকে পরিচালকের সংখ্যা পাঁচজন। স্বতন্ত্র পরিচালক হিসেবে তাদের নিয়োগ দেয় বাংলাদেশ ব্যাংক। এস আলম গ্রুপের নিয়ন্ত্রণ থেকে মুক্ত হওয়ার পর ব্যাংকটিতে কোনো শেয়ারধারী পরিচালক নেই।


    শেয়ার করুন: